Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ২৪ নভেম্বর ২০২৬ | ০৬:২৯ অপরাহ্ন

সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল

অনলাইন ডেস্ক ২৪ নভেম্বর ২০২৬

জনপ্রিয় অভিনেতা সোহেল খানকে শেষবারের মতো দেখতে তার পৈতৃক বাড়িতে ভিড় জমিয়েছেন শত শত মানুষ। প্রিয় শিল্পীর মরদেহ ঢাকার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামে পৌঁছালে সেখানে তৈরি হয় শোকাবহ পরিবেশ।

আশপাশের কয়েকটি গ্রামের মানুষ ছুটে আসেন তাকে শেষ শ্রদ্ধা জানাতে। স্বজন ও ভক্তদের কান্নায় ভারী হয়ে ওঠে বাড়ির আঙিনা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে অ্যাম্বুল্যান্সে করে সোহেল খানের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়। মরদেহবাহী গাড়িটি বাড়ির আঙিনায় প্রবেশ করতেই কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।

অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তাকে শেষবারের মতো দেখতে বাড়ির সামনে অপেক্ষা করছিলেন নারী-পুরুষ, বৃদ্ধ ও শিশুসহ নানা বয়সী মানুষ। প্রিয় অভিনেতার স্মৃতিচারণা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকে।

তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনের পাশাপাশি নিজ এলাকা ধামরাইয়েও নেমে এসেছে গভীর শোকের ছায়া।

পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর রাজাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে রাজাপুর কেন্দ্রীয় কবরস্থানে বাবার কবরের পাশেই তাকে দাফন করা হবে।

মৃত্যুকালে সোহেল খানের বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী আখি আক্তার, ছেলে সফল খান, মেয়ে বনানী আক্তার, ভাই ইবনে হাসান খান, চার বোনসহ অসংখ্য গুণগ্রাহী ও ভক্ত রেখে গেছেন।

উল্লেখ্য, আজ সকালে বগুড়ার একটি হোটেলে ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল সোহেল খানের। শুটিংয়ের জন্য প্রস্তুতিও নিয়েছিলেন তিনি। তবে হোটেল কক্ষে থেকে বের হওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এই অভিনেতা। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 


জনপ্রিয় অভিনেতা সোহেল খান--সংগৃহীত ছবি