Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৫ নভেম্বর ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

‘হ্যান্ড অব গড’ থেকে বিশ্বজয়, ম্যারাডোনার বিদায়ের ছয় বছর

অনলাইন ডেস্ক World victory from 'Hand of God'

বিশ্ব ফুটবলের আকাশে তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র, পায়ের জাদুতে মুগ্ধ করেছেন কোটি কোটি ভক্তকে। মাঠের নৈপুণ্য, অসাধারণ নেতৃত্ব আর বিতর্কিত জীবনের নানা অধ্যায় মিলিয়ে তিনি হয়ে উঠেছিলেন ফুটবল ইতিহাসের এক অবিস্মরণীয় নাম। দেখতে দেখতে কেটে গেছে ছয়টি বছর। 


২০২০ সালের ২৫ নভেম্বর পৃথিবী থেকে চিরবিদায় নেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। তবে সময়ের স্রোতে তার বিদায়ের ক্ষত কিছুটা মলিন হলেও, ফুটবলপ্রেমীদের হৃদয়ে আজও অমলিন ৮৬-এর বিশ্বকাপজয়ী এ মহাতারকার জাদু।


১৯৬০ সালের ৩০ অক্টোবর বুয়েন্স আয়ার্সের উপকণ্ঠে অবস্থিত ভিলা ফিয়োরিতোতে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন ম্যারাডোনা। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি গভীর ভালোবাসা ছিল তার।


মাত্র আট বছর বয়সে তিনি ‘লস সেবোলিতাস’ নামে আর্জেন্টিনোস জুনিয়র্সের যুব দলে যোগ দেন। ১৫ বছর বয়সে পেশাদার ফুটবলে আত্মপ্রকাশ এবং ১৬ বছর বয়সে জাতীয় দলে সুযোগ পাওয়ার মধ্য দিয়ে তিনি দ্রুত ফুটবল দুনিয়ায় পরিচিতি লাভ করেন।


আর্জেন্টিনার জাতীয় দলের এ সাবেক অধিনায়ক, যিনি আর্জেন্টিনোস জুনিয়র্স, বোকা জুনিয়র্স, বার্সেলোনা, নাপোলি, সেভিয়া, এবং নিউয়েলস ওল্ড বয়েজের হয়ে খেলেছেন, তার অবদান ভুলে যাওয়া অসম্ভব। তার খেলার জাদু ও ব্যক্তিত্ব আজও তাকে ফুটবলের আইকন করে রেখেছে।


ম্যারাডোনার ফুটবল ক্যারিয়ারের সেরা মুহূর্ত ছিল ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপ। আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে তিনি দলকে শিরোপা জিতিয়েছিলেন। সে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দুটি গোল আজও ইতিহাসের অংশ: ‘হ্যান্ড অব গড’ এবং ‘গোল অব দ্য সেঞ্চুরি।’


ক্লাব পর্যায়ে তার সবচেয়ে উল্লেখযোগ্য সময় ছিল ইতালির নাপোলিতে, যেখানে তিনি ১৯৮৭ ও ১৯৯০ সালে দলকে প্রথমবারের মতো সিরি এ শিরোপা জিতিয়েছিলেন। তবে তার ক্যারিয়ার ছিল বিতর্কময়ও, যার মধ্যে কোকেইন সেবনের জন্য ১৯৯১ সালে ১৫ মাসের নিষেধাজ্ঞা অন্যতম।


২০২০ সালের ২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে মারা যান ম্যারাডোনা। চার বছর পরেও, ম্যারাডোনার মৃত্যুর কারণ নিয়ে তদন্ত চলছে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news