Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৫ নভেম্বর ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

কৃত্রিম ডাকে ফাঁদে পরিযায়ী পাখি, রাজশাহীর খাল-বিলে বেড়েছে শিকারিদের দৌরাত্ম্য

আবুল কালাম আজাদ Migratory birds trapped by artificial calls

শীতের শুরুতেই উত্তরের জনপদ রাজশাহীর বিস্তীর্ণ খাল-বিল ও জলাভূমিগুলোতে আসতে শুরু করেছে নানা প্রজাতির পরিযায়ী পাখি। কিন্তু প্রতিবারের মতো এবারও পাখির কলতানের সঙ্গে জলাভূমিগুলোতে সক্রিয় হয়ে উঠেছে অসাধু শিকারি চক্র।

অভিযোগ উঠেছে, ঐতিহ্যবাহী ফাঁদ ও জালের পাশাপাশি এবার পাখির স্বাভাবিক ডাক নকল করে কাছে টেনে আনার নতুন কৌশল ব্যবহার করছে শিকারিরা। এতে খাবারের সন্ধানে ছুটে আসা ডাহুক, পাতিসরালি, পানকৌড়ি, সাদাবক ও হাড়িচাচাসহ নানা প্রজাতির পাখি সহজেই মৃত্যুর মুখে পড়ছে।

​সরেজমিনে অনুসন্ধান ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিলভাতিয়া ও সংরক্ষিত জলাভূমি এলাকায় চায়না দুয়ারি জাল ও বিষটোপ দিয়ে পাখি ধরার প্রবণতা বেড়েছে। 

অন্যদিকে তানোরের গাবতলী বিল ও পাশের খালগুলোতে রাতের আঁধারে আলো ও শব্দ ব্যবহার করে পাখি শিকারের অভিযোগ পাওয়া গেছে। 

এছাড়া,মোহনপুরের কেশরহাট সংলগ্ন বিল ও ধুরইল এলাকার খালগুলোতেও ভোরে ও সন্ধ্যায় শিকারিদের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে।

​অন্যদিকে, বাগমারা উপজেলার বারনই নদীসংলগ্ন খাল ও ভবানীগঞ্জ এলাকার বিভিন্ন বিলে জাল পেতে পাখি নিধনের ঘটনা ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা। 

পবা উপজেলার হরিপুর ও দামকুড়া এলাকার নিচু জলাভূমি ও খালগুলোতেও শীতের শুরু থেকেই পাখি শিকারের তৎপরতা দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রে শিকারিরা ঝোপঝাড়ের লতাপাতা বা কচুরিপানা শরীরে জড়িয়ে আড়াল থেকে এবং কৃত্রিম ডাকের শব্দ বাজিয়ে পাখিদের বিভ্রান্ত করছে।

​গোদাগাড়ীর বিলভাতিয়া এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “শীত নামলেই বিলপাড়ে অপরিচিত লোকজনের আনাগোনা বাড়ে। আগে শুধু জাল দেখতাম, এখন সন্ধ্যার পর বিলের ধারে পাখির ডাকের মতো অদ্ভুত শব্দ শোনা যায়। পরদিন সকালেই পাখি শিকারের খবর পাওয়া যায়।”

​মোহনপুরের বাসিন্দা সখিনা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের ছোটবেলায় বিলে কত রকমের পাখি বসত। এখন পাখি দেখলেই একদল লোক জাল আর ফাঁদ নিয়ে ওঁত পাতে। দ্রুত অভিযান না চালালে এসব জলাভূমি পাখিশূন্য হয়ে যাবে।

​বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী পরিযায়ী ও দেশীয় বন্যপ্রাণী শিকার, নিধন বা কেনাবেচা দণ্ডনীয় অপরাধ। তবে বিশাল এলাকাজুড়ে বিস্তৃত খাল, বিল ও জলাভূমিতে জনবল সংকট ও নিয়মিত টহলের অভাবে অনেক সময়ই অপরাধীরা পার পেয়ে যাচ্ছে বলে মনে করছেন পরিবেশকর্মীরা।

​এ বিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা জাহাঙ্গীর কবির বলেন, “পরিযায়ী পাখি নিধন রোধে আমরা ইতোমধ্যে গোদাগাড়ী, তানোর, মোহনপুর, বাগমারা ও পবাসহ বিভিন্ন এলাকায় নজরদারি জোরদার করেছি। 

তিনি আরো বলেন, শিকারিরা যখন কৃত্রিম ডাক বা আধুনিক কৌশল ব্যবহার করছে, তখন আমাদের টহল ও গোয়েন্দা তৎপরতায়ও প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন। স্থানীয় প্রশাসন ও গ্রামবাসীর সহযোগিতায় নিয়মিত মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হবে।

​সচেতন মহলের মতে, কেবল আইন প্রয়োগের পাশাপাশি জলাভূমিগুলোর জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা এবং শিকারিদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। নইলে শীতের অতিথি পাখিরা নিরাপদ আশ্রয়ের খোঁজে এসে রাজশাহীর খাল-বিল থেকেই মুখ ফিরিয়ে নেবে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news