রেলপথের নিরাপত্তা, ট্রেন চলাচলের স্বাভাবিকতা ও যাত্রীসেবার মান পর্যালোচনায় রাজশাহী–চাঁপাইনবাবগঞ্জ ও রহনপুর রেল সেকশনে বার্ষিক পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলওয়ের সরকারি মহাপরিদর্শক (জিআইবিআর) আহমেদ মাহবুব চৌধুরী।
বুধবার (২৫ নভেম্বর ২০২৬) সকালে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে বিশেষ পরিদর্শন ট্রেনে চড়ে তিনি আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু করেন।
দিনব্যাপী এ সফরে জিআইবিআর রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে কাঁকনহাট, আমনুরা, চাঁপাইনবাবগঞ্জ ও রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। ট্রেনপথে ভ্রমণকালে তিনি সংশ্লিষ্ট সেকশনের রেলওয়ে ট্র্যাক (রেললাইন), স্লিপার, পাথর (ব্যালাস্ট), রেলসেতু ও কালভার্টের স্থায়িত্ব এবং রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
এই সেকশনের প্রতিটি স্টেশন পরিদর্শনকালে জিআইবিআর আহমেদ মাহবুব চৌধুরী স্টেশনের সার্বিক পরিচালনাগত কার্যক্রম ঘুরে দেখেন। এর মধ্যে স্টেশন মাস্টারের কক্ষ, সিগন্যালিং ও ইন্টারলকিং ব্যবস্থা, পয়েন্টস অ্যান্ড ক্রসিং, লেভেল ক্রসিং গেটের নিরাপত্তা, টিকিট কাউন্টার, যাত্রী বিশ্রামাগার, প্ল্যাটফর্মের পরিচ্ছন্নতা এবং স্টেশনগুলোর গুরুত্বপূর্ণ দাপ্তরিক নথিপত্র ও রেজিস্টার খতিয়ে দেখা হয়। পাশাপাশি দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা যাচাই এবং যাত্রীদের সঙ্গে কথা বলে সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন তিনি।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা হাসান উল্লাহ ভূঁইয়া, চিফ কমান্ডেন্ট আশরাফুল ইসলাম, চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ মাহবুবুর রহমান, প্রধান প্রকৌশলী আহসান জাবির, প্রধান যান্ত্রিক প্রকৌশলী আমিনুল ইসলাম, ট্র্যাক সাপ্লাই অফিসার (টিএসও) বীরবল মন্ডল, বিভাগীয় বাণিজ্যিক ব্যবস্থাপক (ডিসিএম) হাসিনা খাতুন, বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী রিফাত শাকিল, সহকারী প্রকৌশলী আব্দুর রশিদসহ পশ্চিম রেলের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে জিআইবিআর নিরাপদ ও নিরবচ্ছিন্ন ট্রেন চলাচল নিশ্চিত করতে রেলপথের নিয়মিত রক্ষণাবেক্ষণ, সিগন্যালিং ব্যবস্থার ত্রুটিমুক্ত পরিচালনা এবং স্টেশনগুলোতে যাত্রীবান্ধব পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বাংলাদেশ রেলওয়ের নিয়মিত বার্ষিক নিরাপত্তা ও মান যাচাই কার্যক্রমের অংশ হিসেবে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।