Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৫ নভেম্বর ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

প্রধানমন্ত্রী বরাবর বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের স্মারকলিপি

আবুল কালাম আজাদ গঙ্গা চুক্তি নবায়ন ও নদী রক্ষায় ১৭ দফা দাবি 17-point demands for Ganga Accord renewal and river protection

​আন্তর্জাতিক আইন মেনে পারস্পরিক সমতা ও মর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি নবায়ন এবং দেশের নদ-নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণসহ ১৭ দফা দাবি জানিয়েছে ‘বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন’। 

সংগঠনটির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৫ নভেম্বর) রাজশাহী জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি পেশ করা হয়।

​এদিন সকালে রাজশাহী আদালত চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে জেলা প্রশাসকের হাতে স্মারকলিপিটি তুলে দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও রাজশাহী শাখার সভাপতি অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ। একই দাবিতে দেশের অন্যান্য জেলা শাখার পক্ষ থেকেও নিজ নিজ জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেওয়া হয়েছে।

​স্মারকলিপিতে নদী ও পরিবেশ রক্ষায় সরকারের গৃহীত নানা উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি মাঠপর্যায়ে নদ-নদীর উদ্বেগজনক পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়। এতে বলা হয়, সরকারের ইতিবাচক পদক্ষেপ সত্ত্বেও বর্ষায় ভয়াবহ বন্যা, শুষ্ক মৌসুমে পানির তীব্র সংকট, উজান থেকে অসময়ে পানি ছেড়ে দেওয়া, নদী দখল, অবৈধ বালু উত্তোলন, শিল্পবর্জ্য ও প্লাস্টিক দূষণ এবং নদীভাঙন অব্যাহত রয়েছে। রাজশাহীর পদ্মা ও বারনই নদী এই সংকটের অন্যতম উদাহরণ।

স্মারকলিপিতে উল্লেখিত ১৭ দফা দাবির মধ্যে রয়েছে—অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে বাংলাদেশ, ভারত, চীন, নেপাল, ভুটান ও মিয়ানমারকে নিয়ে ‘দক্ষিণ এশীয় আঞ্চলিক নদী কমিশন’ গঠন, ১৯৯৭ সালের জাতিসংঘ পানিপ্রবাহ কনভেনশনে বাংলাদেশের অনুসমর্থন এবং যৌথ নদী কমিশনের কূটনৈতিক তৎপরতা জোরদার করা।

​এ ছাড়া অভ্যন্তরীণ নদী রক্ষায় নদীসংক্রান্ত প্রকল্পে বিশেষজ্ঞ কমিটির মতামত বাধ্যতামূলক করা, শিল্পকারখানায় ২৪ ঘণ্টা ইটিপি চালু রাখা, নিয়মিত জরিপের মাধ্যমে অবৈধ দখলদার উচ্ছেদ, পরিকল্পিত নদী খনন ও ভরাট হয়ে যাওয়া জলাধার পুনরুদ্ধার, হাওর ও পাহাড়ি নদী থেকে অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধ, অপরিকল্পিত সেতু-বাঁধ অপসারণ এবং নদীতীরে পরিবেশবান্ধব বৃক্ষরোপণের দাবি জানানো হয়। পাশাপাশি জলাশয়ে পোড়া মবিল, তেল, পলিথিন ও গৃহস্থালি বর্জ্য ফেলা বন্ধে কঠোর আইনগত ব্যবস্থার আহ্বান জানানো হয়েছে।

​স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের রাজশাহী শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী আহসান হাবীব, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নূর-এ-কামরুজ্জামান ইরান, দৈনিক নতুন প্রভাত সম্পাদক সোহেল মাহবুব, মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর রাজশাহী সমন্বয়ক মইন উদ্দীন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত, অ্যাডভোকেট রজব আলী প্রমুখ।

​স্মারকলিপির অনুলিপি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; পানিসম্পদ; নৌপরিবহন; শিল্প এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীসহ জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানের কাছেও পাঠানো হয়েছে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news