আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটকের রাজশাহীর মিঞাপাড়াস্থ পৈতৃক বসতভিটা ভাঙার ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, তদন্তসাপেক্ষে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং অবশিষ্ট জমি ও স্থাপনা সংরক্ষণের দাবি জানিয়েছে ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি, রাজশাহীসহ চলচ্চিত্রকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, লেখক, শিল্পী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও যুব সংগঠনের প্রতিনিধিরা।
আজ ২৫ নভেম্বর ২০২৬ তারিখে বিকেলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। রাজশাহী বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম এবং রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সাথে সাক্ষাৎ করে ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা ভাঙার ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের জবাবদিহি নিশ্চিতকরণ এবং ঐতিহাসিক স্থানটিকে জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে সংরক্ষণের জন্য পাঁচ দফা দাবি ও প্রস্তাব উত্থাপন করা হয়েছে। এছাড়াও স্মারকলিপির অনুলিপি ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী আন্দালিভ রহমান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহেরসহ সংশ্লিষ্ঠ মন্ত্রণালয় সমূহের সচিবসহ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক এ কে এম সাইফুর রহমান, প্রধান স্থপতি স্থাপত্য অধিদপ্তর, প্রশাসক রাজশাহী সিটি কর্পোরেশন, চেয়ারম্যান আরডিএ, ডিআইজি রাজশাহী রেঞ্জ, পুলিশ কমিশনার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ বরাবর ডাকযোগে প্রেরণ করা হয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ঋত্বিক কুমার ঘটক বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী নির্মাতা। তাঁর নির্মিত ‘সুবর্ণরেখা’, ‘মেঘে ঢাকা তারা’, ‘কোমল গান্ধার’ ও ‘তিতাস একটি নদীর নাম’ বিশ্ব চলচ্চিত্রের অমূল্য সম্পদ হিসেবে স্বীকৃত। দেশভাগের অভিঘাতে তাঁর পরিবার কলকাতায় চলে যাওয়ার আগপর্যন্ত রাজশাহীর মিঞাপাড়ার এই পৈতৃক বাড়িতেই তাঁর শৈশব, কৈশোর ও তারুণ্যের শুরুর সময় কেটেছে। ফলে এই বসতভিটা কেবল একটি ব্যক্তিগত সম্পত্তি নয়; এটি বাংলাদেশের চলচ্চিত্র, সাহিত্য ও সাংস্কৃতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন।
স্মারকলিপিতে আরও বলা হয়, ২০০৮ সাল থেকে ঋত্বিক ঘটক চলচ্চিত্র সংসদ এই বসতভিটার অবশিষ্ট অংশের পাশে ঋত্বিক ঘটকের জন্মদিন উপলক্ষ্যে চলচ্চিত্র উৎসব ও সম্মাননা পদক প্রদানসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন করে আসছিল। ২০১৯ সালে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সাইকেল গ্যারেজ নির্মাণের জন্য বাড়িটির একটি অংশের দেয়াল ভাঙতে শুরু করলে দেশ-বিদেশে প্রতিবাদ গড়ে ওঠে। পরবর্তী সময়ে রাজশাহী জেলা প্রশাসনের হস্তক্ষেপে ভাঙার কাজ বন্ধ হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০২১ সালে জেলা প্রশাসনের উদ্যোগে বসতভিটার টিকে থাকা অংশ সংরক্ষণের জন্য ৫১ লাখ ৫৬ হাজার ৪০১ টাকা ৬২ পয়সার একটি প্রাক্কলন প্রস্তুত করা হলেও প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না পাওয়ায় সংরক্ষণকাজ বাস্তবায়িত হয়নি। পরবর্তী সময়ে ২০২৪ সালের ৯ এপ্রিল রাজশাহীর জেলা প্রশাসক অবশিষ্ট বসতভিটাসহ ০.১৬০৩ একর জমি সংরক্ষণের উদ্যোগ হিসেবে ভূমি মন্ত্রণালয়ের সচিবের কাছে জমিটি অবমুক্ত করার আবেদন জানান। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী কয়েক দিনের মধ্যে ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটার অবশিষ্ট কক্ষগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হলেও ২০২৪ সালের ২২ আগস্ট প্রকাশিত তদন্ত প্রতিবেদনে গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ উপেক্ষিত হয়েছে বলে স্মারকলিপিতে দাবি করা হয়েছে। তদন্তপ্রক্রিয়ায় স্বার্থের সংশ্লিষ্টতার অভিযোগও উত্থাপন করা হয়েছে।
এদিকে, স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, ২০২৬ সালের ১৭ নভেম্বর আবারও বসতভিটার টিকে থাকা অংশ ভাঙার চেষ্টা করা হয়। বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্টরা বাধা দিলে শ্রমিকেরা জানান, তাঁরা জায়গাটি পরিষ্কার করার নির্দেশ পেয়েছেন। কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পরিষ্কারের নামে স্থাপনাটির একটি দেয়ালের উল্লেখযোগ্য অংশ ভেঙে ফেলা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীলতা ও জবাবদিহি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
স্মারকলিপিতে উত্থাপিত পাঁচ দফা দাবি ও প্রস্তাব হলো- ঋত্বিক কুমার ঘটকের পৈতৃক বসতভিটা বারবার ভাঙার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং তদন্তসাপেক্ষে দায়ীদের দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে; ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটার টিকে থাকা অংশসহ অবশিষ্ট ০.১৬০৩ একর জমি সংরক্ষণ করে সেখানে তাঁর নামে চলচ্চিত্রকেন্দ্র প্রতিষ্ঠার জন্য জমিটি দ্রুত অবমুক্ত করতে হবে; ১৯৮৭-৮৮ সালের দিকে রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের অনুকূলে দেওয়া জমির ইজারা পুনর্বিবেচনা করতে হবে এবং ইজারা বাতিল করে সরকারি বা জেলা প্রশাসনের অধীনে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে; অবশিষ্ট ০.১৬০৩ একর জমির চারদিকে দ্রুত উচ্চ সীমানাপ্রাচীর নির্মাণ করতে হবে। একই সঙ্গে স্থানটিকে সংরক্ষিত এলাকা এবং ‘ঋত্বিক কমপ্লেক্স’ নির্মাণের জন্য নির্ধারিত স্থান হিসেবে উল্লেখ করে সাইনবোর্ড স্থাপন ও প্রবেশের জন্য একটি গেট নির্মাণ করতে হবে; ভবিষ্যতে সেখানে বহুতল ‘ঋত্বিক কমপ্লেক্স’ নির্মাণ করে ‘ঋত্বিক ঘটক চলচ্চিত্র কেন্দ্র’ ও ‘ঋত্বিক ফিল্ম ইনস্টিটিউট’ প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি চলচ্চিত্র সংগ্রহশালা বা সাংস্কৃতিক জাদুঘর, স্টুডিও, সেমিনার হল, সিনেপ্লেক্স, প্রদর্শনী গ্যালারি, চলচ্চিত্রবিষয়ক গবেষণাগার, গ্রন্থাগার এবং চলচ্চিত্র ও সংস্কৃতিকর্মীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা গড়ে তুলতে হবে।
স্মারকলিপিতে স্বাক্ষরকারীরা বলেন, ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণ করা শুধু একজন চলচ্চিত্রকারের স্মৃতিরক্ষা নয়; এটি বাংলাদেশের চলচ্চিত্র ঐতিহ্য, সাংস্কৃতিক ইতিহাস এবং ভবিষ্যৎ প্রজন্মের সাংস্কৃতিক শিক্ষার সঙ্গে সম্পর্কিত। তাই বিষয়টিকে কেবল একটি জমি বা স্থাপনা-সংক্রান্ত বিরোধ হিসেবে না দেখে জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের দায়িত্ব হিসেবে বিবেচনা করতে হবে।
তাঁরা অবিলম্বে বসতভিটার অবশিষ্ট অংশের সুরক্ষা নিশ্চিত করা, ভাঙার ঘটনা তদন্তে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা এবং প্রস্তাবিত ঋত্বিক ঘটক চলচ্চিত্র কেন্দ্র ও ফিল্ম ইনস্টিটিউট প্রতিষ্ঠার কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
স্মারকলিপি প্রদানকারী সংগঠন ও প্রতিনিধিদের মধ্যে রয়েছেন ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি, রাজশাহী; চলচ্চিত্র নির্মাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব; রাজশাহীর বিভিন্ন চলচ্চিত্র সংসদ, সামাজিক-সাংস্কৃতিক ও যুব সংগঠনের প্রতিনিধিরা।