Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৬ নভেম্বর ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

পুঠিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রাণনাশের হুমকি ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ও ভুক্তভোগীদের মানববন্ধন

রাজশাহী প্রতিনিধি:- Death threats and harassment allegations over land dispute

​রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের খুটিপাড়া গ্রামে পৈতৃক জমি দখলের চেষ্টা, মা ও ভাইয়ের ওপর দফায় দফায় হামলা এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় খুটিপাড়া গ্রামে এ কর্মসূচি পালিত হয়।  

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী শ্যামলী খাতুন। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাঁর মা সুফিয়া বেগম ও ভাই চঞ্চলের জমি দখলের পাঁয়তারা চালিয়ে আসছেন প্রতিবেশী নুসরাত জাহান বিউটি খাতুন ও তাঁর পরিবারের সদস্যরা।

 এ বিরোধের জেরে গত ১০ জুন মাগরিবের নামাজের সময় নুসরাত আরা বিউটি খাতুন, তাঁর স্বামী শহিদুল ইসলাম, শ্বশুর আলম ও শাশুড়ি নার্গিসসহ সহযোগীরা দেশীয় অস্ত্র, শাবল, কোদাল ও লাঠিসোঁটা নিয়ে সুফিয়া বেগমের ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। অভিযোগ রয়েছে, ঘটনার পর বিউটি খাতুন নিজেই মেহগনি গাছের সঙ্গে মাথা ঠুকে আহত হওয়ার নাটক সাজিয়ে উল্টো ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা করেন।  

​লিখিত বক্তব্যে আরও জানানো হয়, বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে গত ১৫ নভেম্বর সালিসি বৈঠক ও কাগজপত্র যাচাই-বাছাইয়ের দিন ধার্য ছিল। প্রতিপক্ষের কাছে জমির বৈধ কাগজপত্র না থাকায় বৈঠকটি পণ্ড করার উদ্দেশ্যে গত ১২ নভেম্বর আবারও জমি দখলের চেষ্টা ও হামলা চালানো হয়। 


এ সময় শ্যামলী খাতুনের ভাই চঞ্চলকে লাঠি ও শাবল দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করা হলে, স্থানীয়দের সহায়তায় তিনি প্রাণে রক্ষা পান। ওই দিন জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উভয় পক্ষকে নিয়ে মীমাংসার উদ্যোগ নিলেও বিউটি খাতুনের শাশুড়ি বৈঠকে উপস্থিত না হয়ে সময়ক্ষেপণ করেন।

 পরে গোপনে হাসপাতালে ভর্তির কাগজপত্র সংগ্রহ করে চঞ্চলসহ স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ চঞ্চলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর হ্যান্ডকাফ পরা অবস্থায় চঞ্চলের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে বিউটি খাতুন উচ্ছ্বাস প্রকাশ করেন বলেও সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করা হয়। 

 ​সংবাদ সম্মেলনে শ্যামলী খাতুন ও এলাকাবাসী অভিযোগ করেন, বিউটি খাতুনের বিরুদ্ধে তাঁর নিজের মেয়ে বৃষ্টি খাতুনও সামাজিক যোগাযোগমাধ্যমে গুরুতর অভিযোগ তুলেছেন। বৃষ্টি খাতুন তাঁর মা বিউটি ও চতুর্থ সৎ বাবা সুজনের বিরুদ্ধে গর্ভের সন্তানকে শারীরিক নির্যাতনের মাধ্যমে হত্যা এবং স্বামীকে তালাক দিতে চাপ দেওয়ার অভিযোগ এনেছেন। 

ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার জেরে খুটিপাড়া গ্রামের কয়েকজন বাসিন্দার বিরুদ্ধে বিউটি খাতুনের শাশুড়িকে বাদী করে মিথ্যা ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া বিউটি খাতুনের বিরুদ্ধে তাঁর শ্বশুর-শাশুড়িকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেওয়া এবং দাদিশাশুড়িকে জিম্মি করে জমি লিখে নেওয়ার পর বাড়িছাড়া করার অভিযোগও রয়েছে বলে এলাকাবাসীর বরাত দিয়ে জানানো হয়।  

​সংবাদ সম্মেলন থেকে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সাত দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—গত ১০ জুন ও ১২ নভেম্বর মা ও ভাইয়ের ওপর হামলার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা, সুফিয়া বেগম ও চঞ্চলের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো তদন্তের মাধ্যমে প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া এবং বৃষ্টি খাতুনের উত্থাপিত অভিযোগসহ বয়স্ক স্বজনদের নির্যাতন ও জমি লিখে নেওয়ার বিষয়গুলো খতিয়ে দেখা।  

​এদিকে, সংবাদ সম্মেলন শেষে এলাকার সর্বস্তরের নারী-পুরুষের অংশগ্রহণে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযুক্ত নুসরাত জাহান বিউটি খাতুনের নানাবিধ সন্ত্রাসী কর্মকাণ্ড, নিরীহ গ্রামবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং এলাকায় ত্রাস সৃষ্টির তীব্র প্রতিবাদ জানান। 

এছাড়া,অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে যেন কেউ ন্যায়বিচার বাধাগ্রস্ত করতে না পারে এবং সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, সে জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও সুষ্ঠু বিচার দাবি করেন তাঁরা।  

"এ বিষয়ে অভিযুক্ত নুসরাত জাহান বিউটি খাতুনের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news