Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ২৬ নভেম্বর ২০২৬ | ০২:২৫ অপরাহ্ন

রাজশাহীতে স্বর্ণের বার বলে প্রতারণার চেষ্টা, ৪১টি নকল বারসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:- ২৬ নভেম্বর ২০২৬

​রাজশাহী মহানগরীতে স্বর্ণের বার বলে লোহার ওপর সোনালি রঙের প্রলেপ দেওয়া নকল বার বিক্রির চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কর্ণহার থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪১টি নকল বারসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে, যার মোট ওজন ৪ হাজার ২৯ দশমিক ৭৪ গ্রাম।

​পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ নভেম্বর রাত পৌনে ৮টার দিকে কর্ণহার থানার কৈকুড়ি মোড়সংলগ্ন ব্রিজের পশ্চিম পাশে চেকপোস্ট পরিচালনা করছিল পুলিশ। এ সময় গোদাগাড়ীর ভাগাইল এলাকা থেকে আসা একটি চার্জার অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। অটোরিকশায় থাকা তিন যাত্রীর মধ্যে একজন কৌশলে পালিয়ে যান। পরে অপর দুই যাত্রীর তল্লাশিকালে একজনের কাঁধে থাকা স্কুলব্যাগ থেকে খবরের কাগজে মোড়ানো ও কসটেপ দিয়ে প্যাঁচানো একটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটের ভেতরে থাকা কাগজের বাক্সে ৪১টি সোনালি প্রলেপযুক্ত বারসদৃশ বস্তু পাওয়া যায়।

​পরবর্তীতে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীনের উপস্থিতিতে স্থানীয় একজন স্বর্ণকারের মাধ্যমে বস্তুগুলো পরীক্ষা করা হয়। পরীক্ষার সময় সোনালি প্রলেপ তুলে ফেললে ভেতরে লোহার বার থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

​গ্রেপ্তারকৃতরা হলেন—মাদারীপুরের শিবচর থানার মাগুরখন্ড ফকিরকান্দি এলাকার নূরুল ইসলাম ফকিরের ছেলে মনিরুজ্জামান ফকির ওরফে মনির ফকির (৩৪) এবং মৌলভীবাজারের জুড়ি থানার দক্ষিণ সাগরনাল এলাকার আ. আলীর ছেলে জাহিদ হোসেন (২৮)।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন স্বীকার করেছেন যে, পলাতক সহযোগীর সঙ্গে যোগসাজশে তাঁরা দীর্ঘদিন ধরে লোহার বারের ওপর সোনালি রঙের প্রলেপ দিয়ে স্বর্ণের বারের মতো তৈরি করতেন। এরপর সেগুলো আসল স্বর্ণ হিসেবে বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন স্থানে বহন করতেন। জাহিদ হোসেন পুলিশকে জানান, মনিরুজ্জামান তাঁকে ঢাকা থেকে রাজশাহীতে নিয়ে আসেন।

​অভিযানে ৪১টি নকল বারসদৃশ বস্তু ছাড়াও একটি স্কুলব্যাগ, দুটি মোবাইল ফোন, একটি স্টিলের চাকু, একটি পাওয়ার ব্যাংক এবং নগদ ৩ হাজার ১৭৪ টাকা জব্দ করা হয়েছে।

​এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি ও পলাতক অজ্ঞাতনামা একজনের বিরুদ্ধে প্রতারণার উদ্দেশ্যে জাল বস্তু প্রস্তুত ও বহনের অভিযোগে কর্ণহার থানায় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মহানগরীতে স্বর্ণের বার বলে লোহার ওপর সোনালি রঙের প্রলেপ দেওয়া নকল বার বিক্রির চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কর্ণহার থানা পুলিশ।