"রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদায় নানা আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বোদা উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও স্বাগত বক্তব্যের মাধ্যমে সভাটি শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বেলায়েত হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অভ্যন্তরীণ পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তরের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
বোদা উপজেলার গ্রামীণ জনপদে গবাদিপশু, হাঁস-মুরগি ও দুগ্ধ খামার সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান এবং বৈদেশিক মুদ্রা আয়ের নতুন সম্ভাবনা তৈরি করা সম্ভব। এ জন্য খামারিদের কারিগরি প্রশিক্ষণ, মানসম্মত টিকা ও চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বোদা উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আহমেদ রাসেদ উল-নবী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আবু তাহের, উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা ধলেশ্বর চন্দ্র রায়, খামারি আনজু আরা ও মিজানুর রহমান প্রমূখ।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, ভেটেরিনারি ওষুধ কোম্পানির প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমকর্মী, খামারি ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তিনদিনের কর্মসূচিতে অনুষ্ঠানের প্রথম দিন র্যালি ও আলোচনা সভা, দ্বিতীয় দিন গবাদিপশুর টিকাদান (ভ্যাকসিনেশন) ও কৃমিনাশক ওষুধ বিতরণ, তৃতীয় দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে দুধ ও ডিম বিতরণের মাধ্যমে (স্কুল ফিডিং) কর্মসূচি পালিন হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।