গ্রিসে অলিম্পিয়াকোসের বিপক্ষে দুর্দান্ত প্রত্যাবর্তনে ৪-২ গোলের জয় পেয়েছে এসি মিলান। তবে ইউরোপা লিগের ম্যাচ শেষে জয় উদযাপন করতে গিয়ে বিতর্কে জড়িয়েছেন মিলানের উইঙ্গার দিয়েগো মোরেইরা। তার আচরণে ক্ষুব্ধ হয়েছেন স্বাগতিক সমর্থক ও দলের সদস্যরা। এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন মিলানের কোচ রুবেন আমোরিম।
বৃহস্পতিবার রাতে কারাইস্কাকিস স্টেডিয়ামে ম্যাচের শেষ দিকে মিলানের হয়ে চতুর্থ গোলটি করেন করেন মোরেইরা। এরপর গ্যালারির দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে থাকেন তিনি। তার এই উদযাপনকে উসকানিমূলক মনে করেন অলিম্পিয়াকোসের সমর্থকেরা।
ম্যাচের পর বিষয়টি নিয়ে কথা বলেন আমোরিম। তিনি বলেন, ‘এমন ঘটনা আর ঘটবে না। মোরেইরা তরুণ খেলোয়াড়, তার আরও পরিণত হওয়া প্রয়োজন। আমাদের সমর্থকদের সঙ্গে অন্য কেউ এমন করলে আমরাও নিশ্চয়ই পছন্দ করতাম না। এর দায় আমার। আমি ক্ষমা চাইছি। তবে সে খারাপ উদ্দেশ্যে এমনটা করেনি।’
ম্যাচে মিলানের জয়ের অন্যতম নায়ক ছিলেন বদলি হিসেবে নামা ওমারি হাচিনসন। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে খেলার গতিপথ বদলে দেন তিনি। তবে গ্রীষ্মকালীন দলবদলে তাকে দলে নেওয়ার কৃতিত্ব একা নিজের বলে দাবি করেননি আমোরিম। কোচ জানান, খেলোয়াড় দলে নেওয়ার সিদ্ধান্তে ক্লাবের সবাই একমত ছিলেন।
আমোরিম বলেন, ক্লাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা সবাই একসঙ্গে থাকি। কোনো খেলোয়াড়কে নিয়ে কারও আপত্তি থাকলে আমরা অন্যদিকে যাই। হাচিনসনের মধ্যে আমরা সবাই সম্ভাবনা দেখেছি। আমাদের এমন বৈশিষ্ট্যের একজন খেলোয়াড় প্রয়োজন ছিল। সে অল্প জায়গায় ভালো খেলতে পারে। তার আরও উন্নতির সুযোগ আছে। বল নিয়ে আরও বেশি দৌড়াতে পারে সে।