Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৭ নভেম্বর ২০২৬
০৬:০৯ অপরাহ্ন

নবান্নের আবহে সম্প্রীতির সুর: রাজশাহীতে আদিবাসী লবাণ উৎসবে ঐতিহ্যের ছোঁয়া

আবুল কালাম আজাদ, রাজশাহী:- A touch of tradition at the tribal salt festival in Rajshahi

​নতুন ফসল ঘরে তোলার আনন্দ আর প্রকৃতির প্রতি কৃতজ্ঞতায় রাজশাহীতে দিনব্যাপী আদিবাসী লবাণ উৎসব ও সাংস্কৃতিক মেলা উদ্‌যাপিত হয়েছে। 

শুক্রবার (২৭ নভেম্বর) নগরের বাগানপাড়ার উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জা প্রাঙ্গণ আদিবাসী জনগোষ্ঠীর বর্ণিল পোশাক, লোকজ সুর আর প্রাণের উচ্ছ্বাসে প্রাণবন্ত হয়ে ওঠে।

​অনুষ্ঠানে রাজশাহী, নওগাঁ ও দিনাজপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে আসা আদিবাসী জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন। কৃষিনির্ভর জীবনযাত্রার শিকড়, নবান্নের তাৎপর্য এবং বৈচিত্র্যের মাঝে ঐক্য ও সম্প্রীতির সেতুবন্ধন দৃঢ় করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

​উত্তম মেষপালক ক্যাথিড্রাল ধর্মপল্লীর উদ্যোগে আয়োজিত উৎসবের উদ্বোধনী পর্বে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের পর বের করা হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। ঐতিহ্যবাহী সাজ-পোশাকে নারী-পুরুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি উৎসবের আমেজ ছড়িয়ে দেয়। পরে ফুলের মালা ও উত্তরীয় পরিয়ে অতিথিদের বরণ করা হয়।

​উৎসব উদ্‌যাপন কমিটির সভাপতি ফাদার ফাবিয়ান মারাণ্ডীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও। 

শেলী বিশ্বাস ও সুমী মুরমু’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকসংস্কৃতি ও সামাজিক উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. রতন কুমার, বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক কাঞ্চন সিং উরাঁও, রাজশাহী ধর্মপ্রদেশের জুডিশিয়াল ভিকার ও উন্নয়ন প্রশাসক ফাদার উইলিয়াম মুরমু, ধর্মপ্রদেশের চ্যান্সেলর ফাদার প্রেমু টি. রোজারিও, উদ্‌যাপন কমিটির সহসভাপতি ড. আরোক টপ্য এবং বাগানপাড়া মুক্তিদাতা হাইস্কুলের প্রধান শিক্ষক ব্রাদার লিটন রিবেরু। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি ও আদিবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর স্বতন্ত্র ভাষা, কৃষ্টি ও ঐতিহ্য দেশের সামগ্রিক সাংস্কৃতিক ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। নতুন প্রজন্মের কাছে নিজেদের ইতিহাস ও শিকড় তুলে ধরতে এবং পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার সমাজ গড়তে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন কার্যকর ভূমিকা রাখে।

​বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা সাংস্কৃতিক পর্বে মাল-পাহাড়িয়া জনগোষ্ঠীর পরিবেশনায় ফুটে ওঠে তাদের নিজস্ব জীবনবোধ ও ঐতিহ্য। এর পাশাপাশি রাজশাহী, নওগাঁ ও দিনাজপুর থেকে আসা বিভিন্ন সাংস্কৃতিক দলের দলীয় নৃত্য, লোকসংগীত ও ব্যান্ড সংগীত দর্শকদের মুগ্ধ করে। আয়োজকদের মতে, নিয়মিত এমন আয়োজন জাতিগোষ্ঠীগুলোর পারস্পরিক পরিচিতি বাড়ানোর পাশাপাশি সামাজিক সম্প্রীতিকে আরও মজবুত করবে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news