Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৮ নভেম্বর ২০২৬
০৪:৪৫ অপরাহ্ন

শীতের আগমনী বার্তায় জমে উঠেছে রাজশাহীর হলিডে মার্কেট, বাড়ছে কেনাকাটার ব্যস্ততা

আবুল কালাম আজাদ, রাজশাহী:- Rajshahi's holiday market is bustling with the news of the arrival of winter

নগরীতে এখনো শীত জেঁকে না বসলেও ভোরের হালকা কুয়াশা আর সন্ধ্যার হিমেল বাতাসে স্পষ্ট হয়ে উঠছে শীতের আগমনী বার্তা। 

ঋতু পরিবর্তনের এই ছোঁয়ায় রাজশাহী মহানগরীর ফুটপাত ও অস্থায়ী বাজারগুলোতে শীতবস্ত্র কেনাবেচার ব্যস্ততা বাড়তে শুরু করেছে। 

বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে নগরির কুমারপাড়া থেকে সাহেববাজার জিরোপয়েন্ট পর্যন্ত বসা ‘হলিডে মার্কেট’ ঘিরে তৈরি হয়েছে কেনাকাটার জমজমাট পরিবেশ। সাপ্তাহিক ছুটির দিনে নগরীর বড় কিছু বিপণিবিতান ও শোরুম বন্ধ থাকায় এই একদিনের অস্থায়ী মার্কেটেই ভিড় করছেন নানা শ্রেণি-পেশার মানুষ।

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই ভ্যানগাড়ি, অস্থায়ী চৌকি এবং ফুটপাতের ওপর গরম কাপড়ের পসরা সাজিয়ে বসেন মৌসুমি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। নতুন গার্মেন্টস ও স্টক লটের পোশাকের পাশাপাশি পুরোনো বা সেকেন্ড হ্যান্ড কাপড়ের পসরাও রয়েছে এবারের আয়োজনে। 

কুমারপাড়া ও সাহেববাজার জিরোপয়েন্ট ছাড়াও পুরাতন নাটোর রোড, গণকপাড়া, মুড়িপট্টি ও আরডিএ মার্কেটের সামনের ফুটপাতজুড়ে সকাল থেকেই ক্রেতা-বিক্রেতাদের দরদামে মুখর হয়ে ওঠে এলাকা, যা রাত আটটা-নয়টা পর্যন্ত গড়ায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই ক্রেতাদের উপস্থিতি আরও বাড়তে দেখা যায়।

শুক্রবারের হলিডে মার্কেট ঘুরে দেখা গেছে, কানটুপি, মাফলার ও হাত-পায়ের মোজা ৫০ – ১৫০ টাকায়,শিশুদের সোয়েটার, কার্ডিগান ও পাতলা জ্যাকেট১০০ – ৩৫০ টাকা।মেয়েদের শাল, চাদর ও কার্ডিগান১৫০ – ৫০০ টাকা।বড়দের ফুলহাতা গেঞ্জি, সোয়েটার ও হুডি ২০০ – ৬০০ টাকা।

ভারী জ্যাকেট ও ব্লেজার ৬০০- ১০০০ টাকা।এ ছাড়া সেকেন্ড হ্যান্ড বিদেশি কম্বল, কমফোর্ট, বিছানার চাদর, কাঁথা এবং দরজা-জানালার পর্দাও তুলনামূলক কম দামে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

সাশ্রয়ে কেনাকাটায় স্বস্তি ক্রেতা ও বিক্রেতাদের কম খরচে মানানসই পোশাক পাওয়ার আশায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের পাশাপাশি সচ্ছল পরিবার ও শিক্ষার্থীরাও ছুটির দিনে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে ভিড় করছেন। 

সাহেববাজার এলাকায় মেয়ের জন্য সোয়েটার কিনতে আসা এক ক্রেতা বলেন, বড় শোরুমগুলোতে যে জ্যাকেট বা সোয়েটার কিনতে দেড় থেকে দুই হাজার টাকা লাগে, এখানে একটু সময় নিয়ে যাচাই করে কিনলে ৩০০ থেকে ৫০০ টাকার মধ্যেই বেশ টেকসই ও সুন্দর পোশাক পাওয়া যায়। এই সাশ্রয়ী দামের কারণেই শীত পুরোপুরি নামার আগেই অনেকেই কেনাকাটা সেরে নিচ্ছেন।

হলিডে মার্কেটে কেনাকাটা করতে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাদিয়া ইসলাম বলেন, হাতখরচের সীমিত বাজেটে বড় শোরুম থেকে নিয়মিত কেনাকাটা করা কঠিন। কিন্তু শুক্রবারের এই মার্কেটে এলে কম বাজেটেই পছন্দসই হুডি ও সোয়েটার পাওয়া যায়। দরদাম করে পোশাক বেছে নেওয়ার সুযোগটাও ক্রেতাদের বাড়তি আকর্ষণ জোগায়।

অন্যদিকে বেচাকেনা ভালো হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন মৌসুমি ব্যবসায়ীরা। কুমারপাড়া এলাকার বিক্রেতারা জানান, দিনের বেলা হালকা রোদ থাকলেও সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঠান্ডা ভাব থাকায় আপাতত শিশুদের কাপড় ও হালকা শীতের পোশাকই বেশি বিক্রি হচ্ছে। সামনের কয়েক সপ্তাহে শীতের তীব্রতা বাড়লে বিক্রি আরও বাড়বে বলে আশা করছেন তারা।

হলিডে মার্কেট ও নগরীর সার্বিক শৃঙ্খলা প্রসঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান লিটন বলেন, নগরবাসীর সুবিধার্থে নির্দিষ্ট নিয়ম ও শৃঙ্খলা মেনে অস্থায়ী বাজারের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ফুটপাত ও সড়কে যাতে জনসাধারণের চলাচলে বড় ধরনের বিঘ্ন না ঘটে এবং পরিচ্ছন্নতা বজায় থাকে, সে বিষয়ে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নজরদারি রাখা হচ্ছে।

এদিকে হলিডে মার্কেটকে কেন্দ্র করে সম্ভাব্য ভিড়, যানজট ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

 এ বিষয়ে আরএমপির মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, সাপ্তাহিক ছুটির দিনে সাহেববাজার ও আশপাশের এলাকায় ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক সমাগম ঘটে।

 আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, ছিনতাইসহ যেকোনো অপরাধ প্রতিরোধে এবং যান চলাচল নির্বিঘ্ন রাখতে ওই এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।




© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news