অল্প সময়ে ও কম খরচে অধিক লাভের আশায় রাজশাহী অঞ্চলে জনপ্রিয় হয়ে উঠছে ‘সাথী ফসল’ বা মিশ্র চাষ পদ্ধতি। জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে একই ক্ষেতে ভুট্টার পাশাপাশি লালশাক আবাদ করে বাড়তি আয় করছেন স্থানীয় কৃষকরা। জেলার গোদাগাড়ী, পবা, তানোর, মোহনপুর ও বাগমারা উপজেলায় এই মিশ্র চাষ পদ্ধতির ব্যাপক বিস্তার ঘটেছে।
সরেজমিনে দেখা গেছে, সারিবদ্ধভাবে রোপণ করা ভুট্টার চারাগুলো সবেমাত্র বেড়ে উঠছে। আর ভুট্টার দুই সারির মাঝখানের ফাঁকা জায়গায় নিবিড়ভাবে চাষ করা হয়েছে লালশাক। ক্ষেতের চারপাশে গবাদিপশু ও পাখির উপদ্রব থেকে ফসল রক্ষায় দেওয়া হয়েছে নীল রঙের জালের বেড়া। বিকেলের নরম রোদে ক্ষেত থেকে পরিপক্ব লালশাক তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তোলা শাকগুলো আঁটি বেঁধে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে।
স্থানীয় কৃষকরা জানান, ভুট্টা দীর্ঘমেয়াদী ফসল হওয়ায় চারা বড় হতে বেশ কিছুটা সময় লাগে। এই সময়টাতে জমি ফেলে না রেখে মাঝখানের ফাঁকা জায়গায় লালশাকের বীজ বপন করলে মাত্র ২০ থেকে ২৫ দিনের মধ্যেই শাক বিক্রি উপযোগী হয়ে ওঠে। এতে আলাদা করে জমি চাষ বা বাড়তি সারের প্রয়োজন হয় না। ভুট্টা ক্ষেতে দেওয়া সেচ ও পরিচর্যাতেই লালশাকের বাম্পার ফলন পাওয়া যায়।
পবা উপজেলার নওহাটা এলাকার কৃষক আব্দুর রহিম বলেন, “এবার দুই বিঘা জমিতে ভুট্টার সারির ফাঁকে লালশাক বুনেছিলাম। মাত্র তিন সপ্তাহের মাথায় শাক তুলে বিক্রি শুরু করেছি। এ পর্যন্ত প্রায় ১৮ হাজার টাকার লালশাক বিক্রি করেছি, যা দিয়ে ভুট্টার সার ও সেচের খরচ উঠে এসেছে।
গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট এলাকার চাষি মিজানুর রহমান জানান, আগে শুধু ভুট্টা চাষ করলে ফসল ওঠা পর্যন্ত দীর্ঘ সময় হাত গুটিয়ে বসে থাকতে হতো। এখন সাথী ফসল হিসেবে লালশাক চাষ করায় পরিবারের নগদ টাকার চাহিদা মিটছে।
তানোর উপজেলার মুন্ডুমালা এলাকার কৃষক শফিকুল ইসলাম বলেন, “বাজারে শীতকালীন আগাম শাকসবজির ভালো চাহিদা থাকায় পাইকাররা ক্ষেত থেকেই শাক কিনে নিয়ে যাচ্ছেন। এতে পরিবহন খরচও বাঁচছে, আবার ন্যায্যমূল্যও পাওয়া যাচ্ছে।
মোহনপুর উপজেলার কেশরহাট এলাকার চাষি জয়নাল আবেদীন এবং বাগমারা উপজেলার ভবানীগঞ্জ এলাকার কৃষক রফিকুল ইসলাম জানান, ভুট্টার জমিতে দেওয়া সেচ ও সারেই লালশাক বেড়ে ওঠায় আলাদা কোনো উৎপাদন খরচ নেই বললেই চলে। লালশাক তুলে নেওয়ার পর ভুট্টা গাছগুলো আরও দ্রুত ও সতেজভাবে বেড়ে উঠছে।
এ বিষয়ে কৃষি বিশেষজ্ঞ ও বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, “ভুট্টা সারিবদ্ধভাবে লাগানোর কারণে দুই সারির মাঝখানে প্রচুর জায়গা ফাঁকা থাকে। এই জায়গায় স্বল্পমেয়াদী শাকজাতীয় ফসল আবাদ করলে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়। এতে ক্ষেতে আগাছার উপদ্রব কমে এবং মাটির আর্দ্রতা বজায় থাকে, যা পরবর্তীতে ভুট্টার ফলন বাড়াতেও সহায়ক ভূমিকা রাখে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনোমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক ড. মো. আরিফুর রহমান বলেন, “বরেন্দ্র ও রাজশাহী অঞ্চলের মাটি মিশ্র চাষের জন্য অত্যন্ত উপযোগী। সাথী ফসল হিসেবে ভুট্টার সাথে লালশাক, পালংশাক বা ধনেপাতা চাষ করলে জমির উর্বরতা শক্তি বজায় থাকে এবং পরিবেশবান্ধব উপায়ে কৃষকের আয় দ্বিগুণ করা সম্ভব হয়।
রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেন জানান, “আমরা মাঠ পর্যায়ে কৃষকদের একই জমিতে একাধিক ফসল বা সাথী ফসল চাষে নিয়মিত উদ্বুদ্ধ ও কারিগরি পরামর্শ দিয়ে আসছি। জেলার গোদাগাড়ী, পবা, তানোর, মোহনপুর ও বাগমারা উপজেলায় ভুট্টার সাথে লালশাক চাষ করে কৃষকরা বেশ লাভবান হচ্ছেন। ফলে প্রান্তিক কৃষকদের মাঝে এই আধুনিক ও লাভজনক চাষাবাদ পদ্ধতি দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে।