Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৮ নভেম্বর ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

তামাকমুক্ত রেলওয়ে গড়তে কৌশলগত কর্মশালা অনুষ্ঠিত ॥ চলন্ত ট্রেন, স্টেশন ও অফিসে তামাক ব্যবহার রোধে কঠোর সিদ্ধান্ত

আবুল কালাম আজাদ,বিশেষ প্রতিনিধি :- Strict decision to prevent tobacco use in moving trains, stations and offices

​বাংলাদেশ রেলওয়ের চলন্ত ট্রেন, স্টেশন ও সংশ্লিষ্ট সকল দপ্তরকে শতভাগ তামাকমুক্ত করার লক্ষ্য নিয়ে টাঙ্গাইলে দুই দিনব্যাপী এক উচ্চপর্যায়ের কৌশলগত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার ও শনিবার (২৭ ও ২৮ নভেম্বর) যমুনা রেলসেতু নির্মাণ প্রকল্পের সাইট অফিসে ‘স্ট্র্যাটেজিক ওয়ার্কশপ: ইমপ্লিমেন্টিং টোব্যাকো কন্ট্রোল ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ রেলওয়ে’ শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

​কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।

​এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, সাবেক সিনিয়র সচিব ও আন্তর্জাতিক জনস্বাস্থ্য সংস্থা ভাইটাল স্ট্র্যাটেজিসের সিনিয়র কনসালটেন্ট মো. হামিদুর রহমান খান এবং সাবেক সচিব ও ভাইটাল স্ট্র্যাটেজিসের সিনিয়র কনসালটেন্ট মো. শফিকুল ইসলাম। কর্মশালায় রেলপথ মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ভাইটাল স্ট্র্যাটেজিসের প্রতিনিধিরা অংশ নেন।

​ট্রেন, স্টেশন ও অফিসে তামাক ব্যবহারের ভয়াবহতা ও ক্ষতি:-

কর্মশালার আলোচনায় চলন্ত ট্রেন, স্টেশন প্ল্যাটফর্ম এবং রেলওয়ের দাপ্তরিক কার্যালয়গুলোতে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারের বহুমুখী ক্ষতির দিকগুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। 

বক্তারা বলেন, বদ্ধ কামরা বা জনাকীর্ণ স্টেশনে ধূমপানের ফলে পরোক্ষ ধূমপানের (সেকেন্ডহ্যান্ড স্মোক) শিকার হয়ে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।এতে শ্বাসকষ্ট, হৃদরোগ ও ক্যানসারের মতো জটিল রোগের ঝুঁকি বাড়ছে। এছাড়া চলন্ত ট্রেনে বা স্টেশন এলাকায় জ্বলন্ত সিগারেটের টুকরো থেকে অগ্নিকাণ্ডের মতো বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে। অন্যদিকে, অফিস ও স্টেশন চত্বরে পান-জর্দা ও গুলের পিক ফেলার কারণে পরিবেশ নোংরা হওয়ার পাশাপাশি রেলওয়ের অবকাঠামোর সৌন্দর্য ও পরিচ্ছন্নতা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।


​আইন লঙ্ঘনে শাস্তির বিধান ও প্রয়োগ:-

কর্মশালায় বিদ্যমান ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন’ অনুযায়ী পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে তামাক ব্যবহারের শাস্তির দিকগুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়। আইন অনুযায়ী, চলন্ত ট্রেন, স্টেশন চত্বর, ওয়েটিং রুম এবং সরকারি অফিস এলাকায় ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। কোনো ব্যক্তি এই আইন অমান্য করে উল্লিখিত স্থানে ধূমপান করলে তাকে তাৎক্ষণিকভাবে ৩০০ টাকা অর্থদণ্ড দেওয়ার বিধান রয়েছে। একই অপরাধ দ্বিতীয়বার বা বারবার করলে এই জরিমানার পরিমাণ দ্বিগুণ হারে বাড়তে থাকবে। 

এছাড়া স্টেশন এলাকায় তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা চালালে অর্থদণ্ড ও কারাদণ্ডের বিধান রয়েছে। কর্মশালায় ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার মাধ্যমে এই শাস্তিমূলক ব্যবস্থাগুলো আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

​অগ্রগতি পর্যালোচনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা

দুই দিনব্যাপী এই কর্মশালায় তামাকমুক্ত রেলওয়ে পরিষেবা বাস্তবায়নের বর্তমান অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি স্টেশন এলাকায় তামাকজাত দ্রব্যের অবাধ বিক্রি বন্ধ, আইন প্রয়োগের সীমাবদ্ধতা এবং তা মোকাবিলার কার্যকর কৌশল নির্ধারণ করা হয়।

এছাড়া  নজরদারি বাড়াতে স্টেশন মাস্টার ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীকে (আরএনবি) আরও সক্রিয় করার পাশাপাশি যাত্রীদের মাঝে সচেতনতা তৈরির ওপর জোর দেওয়া হয়।

​প্রাতিষ্ঠানিক কাঠামোয় অন্তর্ভুক্তির নির্দেশনা:-

আলোচনায় অতিথিরা জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণে বাংলাদেশ রেলওয়ের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করেন। তারা তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে কোনো সাময়িক প্রকল্প হিসেবে না দেখে রেলওয়ের নিয়মিত প্রাতিষ্ঠানিক ও দাপ্তরিক কাজের অংশ হিসেবে বাস্তবায়নের নির্দেশনা দেন। এজন্য রেলওয়ের নিজস্ব বাজেট, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এবং নিয়মিত তদারকি ব্যবস্থার সাথে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে সমন্বয় করার বিষয়ে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news