Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৩ মার্চ ২০২৪
০১:৫৪ পূর্বাহ্ন

সিরিজ এলেই কি কোনভাবে আলোচনায় থাকতে চাচ্ছেন তামিম?

অনলাইন ডেস্ক: cricket

তামিম ইকবাল খান। নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ওপেনার। বর্তমানে জাতীয় দলের সাথে না থাকলেও প্রতিটা সিরিজ এলেই কোন না কোনভাবে আলোচনায় থাকেন সাবেক এই ওপেনার। 

শুরুটা হয়েছিলো আফগানিস্তান সিরিজের মাঝে হঠাত করেই অবসর নেয়া নিয়ে। তারপর অধিনায়কত্ব ছাড়া, এরপর বিশ্বকাপের আগমূহুর্তে কত ঘটনা ঘটে গেলো তামিমকে নিয়ে! ছিলেন না বিশ্বকাপেও। বিশ্বকাপের পর ফিরবেন কিনা এমন আলোচনা চলছিলো তবে নিউজিল্যান্ড সিরিজের মাঝখানে আবারও সংবাদ সম্মেলন ডেকে আলোচনায় আসেন এই ওপেনার। অল্প সময়ের সেই সংবাদ সম্মেলনে তামিম ঘোষণা দিয়েছিলেন, বিপিএল এর পর জাতীয় দলে ফেয়ার বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। শুধুমাত্র এতোটুকু কথা বলার জন্য সংবাদ সম্মেলন ডাকা নিয়েও ওইসময় প্রশ্ন তুলেছিলেন ক্রিড়া সাংবাদিক ও ভক্তরা। 

তারপর বিপিএলে বরিশালের হয়ে শিরোপা জয়ের পর আবারও জাতীয় দলে তামিমের ফেরা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে এবারও গেলো কয়েকটা সিরিজের মতো লঙ্কা-বাংলা ওয়ানডে সিরিজের আগে সে আলোচনা।

আর এ আলোচনায় পরিস্থিতি জটিল করছেন তামিম ইকবাল নিজেই। সম্প্রতি তামিমের একটি বেসরকারি টিভি চ্যানেলে দেয়া সাক্ষাতকার ও আলোচিত সেই সাক্ষাতকারের বিভিন্ন মন্তব্যে দ্বিধাবিভক্ত টাইগার ক্রিকেট।

বিশ্লেষক থেকে শুরু করে তামিম ইকবাল এর কড়াভক্ত সমাজের এখন একটাই প্রশ্ন, আর কত? এবার দেশের স্বার্থেই একটা সিদ্ধান্তে পৌঁছানো উচিত বোর্ড আর তামিম দু'পক্ষেরই। কথার লড়াই বন্ধ করার আহ্বান।

এক তামিম ইকবাল ইস্যুতে ভাগ দেশের ক্রিকেট। খেলবেন নাকি খেলবেন না এই একটা উত্তর খুঁজতেই, হয়ারান সবাই। তার চাইতেও বড় প্রশ্ন তুষের আগুনের মতো জ্বলতে থাকা, যে কোন টুর্নামেন্ট বা সিরিজের আগে উষ্কে ওঠা এই সমস্যার সমাধান কোথায়!

তামিম নিজেও যেন জিইয়ে রেখেছেন তার অবসর নাটক। হাথুরুর অধীনে খেলবেন না, চলতি বছর মাঠে নামবেন না, কত তার বাহানা। এ যেন চরম অপেশাদারিত্ব।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর বলেন, 'এটা আসলে অনাকাঙ্ক্ষিত। এটা হওয়া উচিত না। এটা নিয়ে বারবার কথা বলার কারণ কিন্তু খেলোয়াড়দের মানসিক দিক থেকে প্রভাব পড়বেই। শর্তের কোন বিষয় এখানে নেই কিন্তু। এখানে দুই পক্ষের বোঝাপড়ার বিষয়। এখানে কথা হচ্ছে দেশের জন্য খেলা। এখানে ব্যক্তিগত যদি কোন সমস্যা থাকে, তাও কিন্তু সমাধান করা যায়। যদি সমাধান নাও হয় তবুও কিন্তু আপনার দেশের হয়ে খেলে যেতে হবে। আর বোর্ড যখন সিদ্ধান্ত নেবে, তখন কিন্তু দেশকেই প্রাধান্য দেবে।'  

দায় এড়াতে পারে না বিসিবিও। সমাধান নয় বোর্ডও যেন পরিস্থিতি আরো জটিল করছে।

সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর বলেন, 'বোর্ডেরও কিছু সীমাবদ্ধতা আছে। যদি কোন শর্ত থাকে, তবে বোর্ডও কিন্তু সকল দিক বিবেচনা করেই সব সিদ্ধান্ত নেবে।'

তামিম ইকবাল দেশের কিংবদন্তি ক্রিকেটার। নিভৃতে বিদায় তার প্রাপ্য নয়। তবে এটাও বুঝতে হবে দেশের স্বার্থে জলঘোলা কম করাটাই ভালো।



© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news