Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৭ মার্চ ২০২৪
০৭:২৩ পূর্বাহ্ন

জাতীয় শিশু দিবসে বাবুডাইং আলোর পাঠশালায় নানা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক National Children's Day

চিত্রাংকন, কুইজ ও রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালায় রোববার জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের বাবুডাইং গ্রামে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল ১০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর প্রাক-প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পাঁচটি ক্যাটাগরিতে চিত্রাংকন প্রতিযোগিতা, পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে কুইজ ও রচনা প্রতিযোগিতা এবং সপ্তম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে কুইজ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রাক-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে যেমন ইচ্ছে চিত্রাংকন প্রতিযোগিতা এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে নদী ও নৌকা বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অন্যদিকে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ‘বঙ্গবন্ধুর শৈশব’ এবং সপ্তম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ‘বঙ্গবন্ধুর জীবনী’ শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।


বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি কার্তিক কোল টুডুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. সুজারুদ্দিন, বাবুডাইং কোল গ্রামের ক্ষুদ্র জাতিসত্তার গ্রাম প্রধান মাধব কোল সরেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, সিনিয়র শিক্ষক লুইশ মুর্মু প্রমূখ। শেষে প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ দেয়া হয়।

বক্তাব্য দিতে গিয়ে কার্তিক কোল টুডু বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব ছিল শিশুসুলভ ও নিপীড়তের বন্ধু। মুক্তিযুদ্ধের সমায় হামরা পাকিস্তানীদের ভয়ে জমি-জায়গা ফেল্যা ভারত পালিয়ে গেছিনু। দেশ স্বাধীন হবার পর শেখ মুজিবের ডাকেই হামরা আবার সাহস লিয়্যা এদ্যাশে ফিরে অ্যাসাছি। তাঁর ভরসাই হামরা এদ্যাশে বাস করতে শুরু করি। তিনি কহ্যাছিলেন, এদ্যাশ সবার। সবাই নির্ভয়ে এদ্যাশে বসবাস করতে পারবে। তিনি ছিলেন আদিবাসীদেরও বন্ধু। হামরা তাঁকে খুব ভালোবাসি ও শ্রদ্ধা করি।


অন্যান্য বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিব ছিলেন শিশুদেরও বন্ধু। তিনি এ দেশ ও দেশের শিশুদের জন্য ভেবেছিলেন। শিশুদের বিকশিত করতে তিনি নানা উদ্যোগও নিয়েছিলেন। এ দিনটাতে আমরা তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করি। পিছিয়ে পড়া এ জনপদের শিশুরাও তাঁকে জানছে, পড়ছে, অনুষ্ঠানে অংশ নিচ্ছে। তারাও এগিয়ে যাচ্ছে। এজন্য এ আলোর পাঠশালাকে ধন্যাদ জানাই।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news