Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২০ মার্চ ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

কুড়িগ্রামের টুপি যাচ্ছে মধ্যপ্রাচ্যে

অনলাইন ডেস্ক: Kurigram hat is going to Middle East

প্রায় দেড় যুগ ধরে কুড়িগ্রামের প্রত্যন্ত গ্রামের নারীদের হাতে তৈরি টুপি মধ্য প্রাচ্যে বেশ সুনাম কুড়িয়েছে। বাহারি রঙের সুতা দিয়ে আঁকা বানানো টুপির চাহিদা বেড়েই চলছে। এই টুপি তৈরি করে এখানকার হাজারো নারীদের হয়েছে কর্মসংস্থান, সংসারে ফিরেছে স্বচ্ছলতা। এর মূল নারী উদ্যোক্তা মোর্শেদা বেগমকে পাড়ি দিতে হয়েছে অনেকটা পথ। বেকার নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করায় নারীদের আইকন হিসেবে পরিচিতি পেয়েছেন সারা জেলায়। 

জানা গেছে, মোর্শেদা বেগম যখন দশম শ্রেণির ছাত্রী, তখন তার বিয়ে হয়। সংসারে অভাব থাকায় ১৯৯৫ সালে বিয়ের পর স্বামী জাবেদ আলীর সঙ্গে চলে যান টাঙ্গাইলে। সেখানে একটি টাওয়াল ফ্যাক্টরিতে কাজ নেন। ভাড়া বাসার পাশে পরিচয় হয় প্রতিবেশি কমলা বেগমের সাথে। কমলা বেগমের টুপি তৈরির কাজ দেখে দেখে রপ্ত করেন কলা-কৌশল। দিনে ফ্যাক্টরির কাজ আর রাতে টুপি বানানো শুরু করেন তিনি। মজুরি মাত্র ৩শ ৫০ টাকা। তার নিখুঁত কাজ দেখে মুগ্ধ হন এক বেসরকারি সংস্থার কর্মকর্তা। প্রথম ৫০টি টুপি তৈরির অর্ডার পান। আয় হয়েছিল প্রায় ১৭ হাজার টাকা। 

২০০৪ সালে মোর্শেদা বেগম নিজ গ্রামে ফিরে আসেন। প্রথমে এলাকার ৭ জন নারীকে দিয়ে শুরু করেন দারিদ্র্য জয়ের সংগ্রাম। তার হাতে বানানো টুপি ২০০৮ সাল থেকে মধ্যপ্রাচ্যে রপ্তানি হচ্ছে। হাতে বানানো টুপি তৈরি করে এখন স্বাবলম্বী মোর্শেদা। তার সফলতার গল্প শুনে দলে দলে অন্য নারীরা টুপি বানানো কাজে ছুটে আসেন। বর্তমানে তার সঙ্গে প্রায় ৫ হাজার নারী কাজ করছেন।

মোর্শেদা বেগম জানান, প্রায় ৪০-৫০ টি গ্রামের নারীদের কর্মসংস্থান তৈরি হয়েছে। বিভিন্ন বয়সী নারী পাশাপাশি পুরুষরাও এ কাজ করে সংসারের আয় যোগাচ্ছেন। 

তিনি আরও বলেন , ফেনীর দুজন ব্যবসায়ীর কাছে তিনি তৈরি করা টুপি বিক্রি করেন। এই টুপি মধ্যপ্রাচ্যের বাহারাইন, সৌদি আরব, দুবাইয়ে বিক্রি হয়। ওই ব্যবসায়ীরা তার কাছে রেশমী কাপড় সরবরাহ করেন। এরপর তিনি নারীদের সঙ্গে নিয়ে সুঁই সুতা দিয়ে তৈরি করেন নানা ধরনের নকশাখচিত টুপি। টুপি তৈরির দেখভাল করতে বিভিন্ন গ্রামে বেতনভুক্ত প্রায় ১৫ জন সুপার ভাইজার রেখেছেন। হাতে বানানো প্রকার ভেদে প্রতিটি টুপি তৈরির জন্য নারীরা পারিশ্রমিক পান ৮০০/১৬০০ টাকা। এতে সুই সুতার খরচ দেড়শ টাকা। প্রতি টুপিতে তিনি কমিশন পান ৭০/৯০ টাকা। প্রতি মাসে ৮/১০ হাজার টুপি বিক্রি করেন তিনি। 

পাতিলাপুর গ্রামের হাওয়া বেগম জানান, চার বছর আগে মোর্শেদা বেগমের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে টুপি তৈরির কাজ শুরু করেন। এখন তার আর অভাব নেই। সংসারের স্বাভাবিক কাজের পাশাপাশি টুপি তৈরি করে ভালো আয় করছেন তিনি। 

অষ্টম শ্রেণির শিক্ষার্থী মুক্তা খাতুন জানায়, পড়াশোনার পাশাপাশি আমি টুপি তৈরির কাজ করি। যা আয় করি তা দিয়ে লেখাপড়ার খরচ মিটিয়ে পরিবারকে  সহযোগিতা করি। 

সাত দরগাহ গ্রামের মৌসুমি বলেন, সারা বছর আমরা টুপি তৈরির কাজ করি। বিশেষ করে রমজান মাস ও কোরবানি ঈদের সময় টুপির চাহিদা বেশি থাকে। এসময় টুপি বানিয়ে জন প্রতি ৮/১০ হাজার টাকা পাই। কয়েক বছর ধরে পরিবার নিয়ে খুব সুন্দর ঈদ কাটাতে পারছি।

কুড়িগ্রাম বিসিক এর উপ-ব্যবস্থাপক শাহ মোহাম্মদ জোনায়েদ বলেন,পাতিলাপুর গ্রামের নারী উদ্যোক্তা মোর্শেদা বেগমের টুপি মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে যাচ্ছে এটি জেলায় আলোড়ন তৈরি করেছে। হাজার হাজার নারীদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। 

তিনি আরও বলেন, সরকারি কোন প্রশিক্ষণ, আর্থিক ঋণ অথবা তৈরি টুপির বাজারজাত করণে কোন সহযোগিতার প্রয়োজন হলে কুড়িগ্রাম বিসিক শিল্প সহযোগিতা করবে ।



© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news