আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার মিরপুরে ১৫ সদস্যের এই স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
বিশ্বকাপ স্কোয়াডে নাজমুল হোসেন শান্ত অধিনায়ক থাকবেন, সেটি নিশ্চিত হওয়া গিয়েছিল আগেই। কিন্তু বিশ্বকাপে সহ অধিনায়ক নিয়েও যাওয়া হচ্ছে। এই দায়িত্ব দেওয়া হয়েছে পেসার তাসকিন আহমেদকে।
গত কয়েকদিন ধরে চোটের কারণে তার থাকা নিয়ে নানা কথা শোনা গেলেও শেষ অবধি বিশ্বকাপ স্কোয়াডে সহ-অধিনায়ক হয়েই যাচ্ছেন তাসকিন। এর বাইরে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের। নেওয়া হয়েছে পেসার তানজিম হাসান সাকিবকে।
তিনজন ওপেনার নিয়ে বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ। লিটন দাস, সৌম্য সরকারের সঙ্গে আছেন জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হওয়া তানজিদ হাসান তামিম। পাঁচজন পেসারের সঙ্গে চারজন স্পিনার নিয়ে যাচ্ছে বাংলাদেশ। দলে পেসারও আছেন চারজন।
বাংলাদেশের বিশ্বকাপ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, তানজিম হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানভির ইসলাম।
রিজার্ভ: হাসান মাহমুদ, আফিফ হোসেন।