কুমিল্লার নাঙ্গলকোটে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। রবিবার (১৭ মার্চ) দুপুর পৌনে দুই ঘটিকার দিকে লাঙ্গলকোট উপজেলার হাসানপুর স্টেশনের আউটারে তেজের বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
লাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাসিস চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, এ ঘটনায় বেশ কয়েকজন যাত্রী উল্টে যাওয়া বগির নিচে চাপা পড়েছেন। তারা বাঁচার আকুতি জানাচ্ছেন। এছাড়াও প্রায় ৩০ জন যাত্রী আহত হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় চট্টগ্রামের সঙ্গে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, বগি লাইনচ্যুত হয়ে বেশ কয়েকজন যাত্রী চাপা পড়েছে। স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করছে।