৭ জানুয়ারি আরও একটা শিক্ষার জন্য প্রস্তুত থাকেন
গাজীপুর মহানগরীর কাশিমপুরে হাতিমারা ঈদগাহ ময়দানে এক নির্বাচনী জনসভায় গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এড. জাহাঙ্গীর আলম বলেছেন, গাজীপুর -১ আসনে বর্তমান সংসদ সদস্য এড. আ ক ম মোজাম্মেল হক এ আসনে গত ১৫ বছর ধরে এমপি। তিনি একজন সিনিয়র মন্ত্রী কিন্তু আমাদের কাশিমপুরবাসীর জন্য কি করেছেন?
এখানে কোন সরকারি হাসপাতাল, সরকারি কলেজ বা এক কিলোমিটার রাস্তা করতে পারেনি। যদি তিনি এক কিলোমিটার রাস্তা করেছেন দেখাতে পারেন তবে আমার মা মেয়র জায়েদা খাতুন সহ আমি সিটি কর্পোরেশন থেকে পদত্যাগ করবো। তবে, হ্যাঁ তিনি একটা কাজ খুব ভালভাবে করতে পেরেছেন। সেটা হচ্ছ- জুট ব্যবসার ভাগাভাগি আর আওয়ামী লীগের এক নেতার সঙ্গে আরেক নেতার ঝগড়া লাগিয়ে দেওয়া।
তিনি আরো বলেন, গত ২৫ মে, সিটি নির্বাচনে আমাদের একটি কেন্দ্রেও এজেন্ট দিতে দেননি, কারো কাছে ভোট চাইতে পারি নাই, পোস্টার লাগাতে পারি নাই। যারা ঘড়ির পক্ষে কাজ করেছে তাদেরকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়েছেন, মারধর করেছেন, হুমকি ধমকি দিয়েছেন। ফলে জনগণ আপনাদের একটা শিক্ষা দিয়েছেন। এখনও আবার হুমকি দিচ্ছেন? তবে, ৭ জানুয়ারি আরও একটা শিক্ষার জন্য প্রস্তুত থাকেন।
মঙ্গলবার বিকেলে কাশিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্বতন্ত্র প্রার্থীর জনসভায় আরও বক্তব্য দেন গাজীপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পারভীন আক্তার, কাশিমপুর জোন এর সভাপতি কাউন্সিলর মাহমুদা আক্তার মুক্তি, সাবেক কাউন্সিলর গিয়াসউদ্দিন মোল্লা, মো. ওসমান গনি লিটন, কাশিমপুর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) প্রফেসর আশরাফুল আলম আসকর প্রমুখ।
স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেল বলেন, আমি আপনাদের সামনে এসেছি, আপনারা যদি আমাকে ট্রাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করেন তবে আমি কথা দিলাম আগামী ৫ বছব এভাবেই আমি আপনাদের সামনে আসবো।