বিজয়ী প্রার্থী শিমুলের বাহিনীর আক্রমণ ঠেকাতে, আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে বাধ্য হব
চাঁপাইনবাবগঞ্জ-১(শিবগঞ্জ) আসনে নৌকার বিজয়ী প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের নির্দেশে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলামের কর্মী-সমর্থক দের ও শিবগঞ্জ উপজেলা আ. লীগের সভাপতির বাড়িতে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটি ।
মঙ্গলবার (৯জানুয়ারি) বেলা ১ টার দিকে শিবগঞ্জ ডাক বাংলো চত্বরে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় ।
এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন,স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান ।সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের নৌকার বিজয়ী প্রার্থী ডা. সমিল উদ্দিন আহমেদ শিমুলের নির্দেশে তার সন্ত্রাসী বাহিনী, নির্বাচনী এলাকার মোবারকপুর ইউনিয়নে নুরজাহানের বাড়িসহ তিনটি বাড়িতে আক্রমণ ও ভাঙচুর করেছে ।
ঘোড়া পাখিয়া ইউনিয়নে ট্রাক প্রতিকের কর্মী রুহুল আমিনকে মারধর হুমকি এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে । বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে ট্রাকের সমর্থক মাহবুব রহমানকে মারধর ও রক্তাক্ত জখম করে হাতের একটি আঙ্গুল বিচ্ছিন্ন করে। বর্তমানে তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ।
শিবগঞ্জ পৌরসভা এলাকার পিঠালি তলা মহল্লার ডা. শিমুলের ক্যাডার রাজিন ও তার গুন্ডা বাহিনী স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ট্রাকের সমর্থক ইব্রাহিমের বাসা বাড়িতে আক্রমণ চালায় । উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নাজমুল কবির মুক্তার বাসা বাড়িসহ আরো চারটি বাড়িতে শিমুলের ক্যাডার বাহিনী ব্যাপক হামলা ও ভাঙচুর করে।
এতে বাবুল আক্তার নামে ট্রাক প্রতিকের এক কর্মী আহত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে । উজিরপুরে একটি নির্বাচনী অফিসের কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় । তাদের হাত থেকে বীর মুক্তিযোদ্ধাও রেহাই পায়নি। শ্যামপুর ইউপির হাদিনগর গ্রামে বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিন্টুর বাড়িতে সন্ত্রাসী বাহিনী ককটেল নিক্ষেপ করে । শিবগঞ্জের বিভিন্ন এলাকায় এ ধরনের ঘটনাঘটতেই আছে।
সংবাদ সম্মেলনে,শান্তিপূর্ণ এ জনপদকে অপরাধী মুক্ত ও সকল নাগরিকের নিরাপত্তা বিধানের জন্য শিবগঞ্জ থানা পুলিশ এবং চাপাইনবাবগঞ্জ জেলা পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন । একই সাথে তারা একথাও বলেন যে, আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক ব্যাক্তি ও তার সম্পদের নিরাপত্তা বিঘ্নের ঘটনা অব্যাহত ভাবে চলতে থাকলে নাগরিকগণ প্রচলিত আইনে প্রদত্ত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে বাধ্য হবে।
এ সময় উপস্থিত ছিলেন, স্বতন্ত্র প্রার্থী ও জেলা আ.লীগের সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ওশিবগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি আহমেদ নাজমুল কবির, সদস্য সচিব ও উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিন্টু ও জেলা আ. লীগের সদস্য নুরজাহানসহ আ. লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।