যা বললেন ভুক্তভোগী নারী

আসলেই বাসে ধর্ষণের ঘটনা ঘটেছে

There was a rape incident in the bus
নিজস্ব প্রতিবেদক: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪১ পূর্বাহ্ন নির্বাচিত সংবাদ
নিজস্ব প্রতিবেদক: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪১ পূর্বাহ্ন
আসলেই বাসে ধর্ষণের ঘটনা ঘটেছে
......সংগৃহীত ছবি

ঢাকা থেকে রাজশাহীগামী ইউনিক রোড রয়েলসের বাসে যাত্রী ছিলেন অর্ধশতাধিক। তারমধ্যে নারী ছিলেন ৮ থেকে ১০ জন। এদের মধ্যে একজন হিন্দু নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে গণমাধ্যমে যে খবর আসছে সেই নারী বলছেন, ‘মেয়েদের গায়ে হাত দিয়ে সার্চ করেছে, এ জন্য চিৎকার- চেঁচামেচি হয়েছে। কিন্তু ধর্ষণের মতো কোনো ঘটনা মনে হয়নি।’

ওই নারীর বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলায়। তিনি একটি কীর্তন দলের শিল্পী। ঘটনার রাতে হেমায়েতপুরে ছয়জনের ওই কীর্তন দলটি বাসে উঠেছিল। দলের একমাত্র নারী ছিলেন তিনি। তার বয়স ২১। বাস ডাকাতির পুরোটা সময় তাকে সিটে বসিয়ে রাখা হয় এবং তাকেও কয়েকদফা তল্লাশি করে ডাকাতেরা। তার কাছে থাকা দলের ২৫ হাজার টাকা কেড়ে নেওয়া হয়।

শনিবার দুপুরে ওই নারী গণমাধ্যমকে বলেন, ‘পুরো বাসে পঞ্চাশের বেশি যাত্রী ছিল। তারমধ্যে মহিলা ছিল ৮-১০ জন। মহিলাদের বেশিরভাগের বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে। অল্পবয়সী বলতে ছিলাম আমি আর প্রায় ২৫ বছর বয়সী আরেক মেয়ে। ওই মেয়েটি ড্রাইভারের পেছনের সিটেই বসেছিল। আমি আর ওই মেয়েটাই বেশি কান্নাকাটি করছিলাম।’

বাসে ওঠার পর ওই নারী ঘুমিয়ে পড়েছিলেন। পাশে থাকা কীর্তন দলের এক ব্যক্তি তাকে জাগিয়ে তোলেন। তারপর দেখেন, সিটের সামনে ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে ডাকাত। ওই নারী বলেন, ‘আমি তো ঘুমে ছিলাম একটু। পাশে একজন দাদা ছিল। ডেকে তুলল। চোখ খুলে দেখি ছুরি নিয়ে দাঁড়ায়ে আছে ডাকাত। তারপর আস্তে আস্তে সবকিছু নিয়ে নিল।’

‘ওরা ওঠার পরে ড্রাইভারকে ছুরি দেখায়ে ওরাই ড্রাইভারি করছিল। আর দরজায় একজন দাঁড়ায়ে গিয়ে হেলপারি করছিল। তারপরে এক এক করে প্রায় তিনঘণ্টা ধরে হাইজাক করেছে। আমার কাছে দলের ২৫ হাজার টাকা ছিল। একটা মোবাইল ছিল। পায়ের নুপুর খুলে নিয়েছে। হাতে সিটিগোল্ডের চুরি আর গলায় সিটিগোল্ডের মালা ছিল, তাও খুলে নিয়েছে। প্রথমে আমার পায়ের নুপুর নেয়। তারপরে এসে টাকা নেয়। কিছু টাকা আগে নেয়। তারপরে এসে মোবাইল ফোন নেয়। অনেকবার আমাকে সার্চ করে। শেষে এসে বেশি টাকাটা পায়।’

নারীদের শ্লীলতাহানির ব্যাপারে তিনি বলেন, ‘গায়ে হাত দেওয়া বলতে শুধু সার্চ করছিল। মেয়েদেরকেও কোনো বাদ রাখেনি তো সার্চ করতে। গায়ে হাত দিয়ে সার্চ করছে। আমার গায়েও হাত দিছে। তবে সার্চ করা বাদ দিয়ে অন্য উদ্দেশ্যে হাত দেওয়া আমার সঙ্গে হয়নি।’

কাউকে সিট থেকে তুলে পেছনে নেওয়া হয়েছিল কি না জানতে চাইলে তিনি বলেন, ‘না না, সিটে বসে থেকেই নিচ্ছে। যখন সার্চ করে, তখন দাঁড় করাচ্ছিল। দেখতে তো দেয় না অন্ধকার ছিল। মাথা তুলতে দেয় না। মাথা নিচু রাখতে বলে। যে মাথা তোলে, তাকেই ধরে মারে। শুনলাম যে, সামনের মেয়েটাকে চুল ধরে সিট থেকে নামাইছিল। তাকে সিট থেকে বের করেছিল।’

মেয়েটিকে পেছন দিকে নেওয়া হয়েছিল কি না জানতে চাইলে তিনি বলেন, ‘না, পেছনে বলতে খুব পেছনে না। সবার সামনেই ছিল। ড্রাইভারের পরের সিটটাতেই সে ছিল। ওখান থেকে দুই সিট পেছনে আনে। আনার পরে জিনিস খুলে নিছে। দেখা কথা না, শোনা কথা এগুলো। গাড়িতে মেয়েরা চিৎকার করছিল। চুল ধরে যখন ওই মেয়েকে বের করে, তখন ও চিৎকার করছিল। আমার হাতে ছোট ছোট চুরি ছিল, হাতে আগে থেকে আঘাতও ছিল। চুরি খোলার সময় আমি একটু চিৎকার করছিলাম, কান্নাকাটি করছিলাম ব্যাথা পেয়ে।’

বাসে ধর্ষণের মতো কোনো ঘটনা ঘটেছে কি না জানতে চাইলে কীর্তন দলের ওই নারী উত্তরভূমিকে বলেন, ‘নাহ, সেই রকম তো আমি কিছু বুঝতে পারিনি। ওই রকম কিছু মনে তো হয়নি।

‘ডাকাতেরা ছুরি দেখাচ্ছিল। যা আছে সবকিছু নিয়ে নিচ্ছে। খারাপ ভাষায়, অনেক নোংরা নোংরা কথা বলছিল।’

টাঙ্গাইলে ডাকাতদল নেমে যাওয়ার পর যাত্রীরা বাসটি নিয়ে যান নাটোরের বড়াইগ্রাম থানায়। ওই থানায় গিয়েও নারীদের কেউ ধর্ষণের কথা বলেননি বলে জানিয়েছেন মহাদেবপুরের ওই নারী।

তিনি বলেন, ‘থানায় আমি যাই। আরও ৫-৬ জন মেয়ে গিয়েছিল। যাত্রীদের অনেকেই গিয়েছিল তো। সবাই চলে যাওয়ার পর মেয়েরা ডায়েরি করে (পুলিশ বক্তব্য লিখে নেয়)। সবাই তো ডায়েরি করেনি। সেখানে কেউ বলেনি যে তার সঙ্গে ধর্ষণের ঘটনা ঘটেছে। শুধু একটা মহিলা বলছিল যে, তার গলা চেপে ধরেছিল। আর একটা মহিলা বলছিল, তার পা উঁচু করে ধরে পায়ের নুপুর খুলে নিয়েছে। নুপুর আছে নাকি সেটা দেখেছে পা উঁচু করে।’

গত সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীগামী ইউনিক রোড রয়েলসের ‘আমরি ট্রাভেলসের’ একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। টাঙ্গাইলের মির্জাপুর থেকে চলন্ত বাসে ডাকাতি শুরু হয়। প্রায় তিন ঘণ্টা ধরে ডাকাতি শেষে একই জায়গায় বাসটি ঘুরিয়ে নিয়ে গিয়ে ভোর ৪টার দিকে ডাকাতরা নেমে যায়। মহাদেবপুরের ওই নারী জানিয়েছেন, বাসে আগে থেকেই ছয়জন ডাকাত উঠে বসেছিল। পরে বাসে আরও তিনজন ডাকাত উঠেছিল।

ডাকাতির পর যাত্রীরা বাস নিয়ে বড়াইগ্রাম থানায় গেলে পুলিশ বাসের সুপারভাইজার, চালক ও চালকের সহকারীকে আটক করে। পরে ৫৪ ধারায় আদালতে তোলা হলে তারা জামিনে মুক্তি পান। এ ঘটনার চার দিন পর টাঙ্গাইলের মির্জাপুর থানায় একটি মামলা করেন ভুক্তভোগী এক যাত্রী। এ মামলায় শুক্রবার দিবাগত রাতে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে।

বিবিএন / ২৩ ফেব্রুয়ারি / অচ