রেস্টুরেন্টে গিয়ে খাবার খায় হনুমান

Hanuman
অনলাইন ডেস্ক ২১ ডিসেম্বর ২০২৩ ০২:৩৭ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ২১ ডিসেম্বর ২০২৩ ০২:৩৭ পূর্বাহ্ন

হনুমান, দুপুর হলেই খাবার খেতে চলে যায় বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে। আর এই খাবার খাওয়ার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

জানা যায়, শরীয়তপুরের জাজিরা উপজেলা সদরের টিঅ্যান্ডটি মোড়ে ১৫ ডিসেম্বর রুনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে দুপুরের দিকে একটি হনুমান ঢুকে। হনুমানটি খাবার টেবিলে বসে যায়, আকার ইঙ্গিতে খাবার চায়। দোকানের মালিক ও কর্মচারীরা এই ঘটনা দেখে অবাক হন। পরে তারা একটি প্লেটে হনুমানটিকে খাবার দেন। খাবার খেয়ে হনুমানটি দোকান থেকে বের হয়ে যায়।

এ বিষয়ে রেস্টুরেন্টের মালিকের ছেলে হানিফ ব্যাপারী বলেন, ‘আমি কখনো সামনাসামনি হনুমান দেখিনি। হোটেলে হনুমান ঢুকছে দেখে প্রথমে একটু ভয় পেয়েছিলাম। খাবারের জন্য টেবিলে বসে বিভিন্নভাবে ইঙ্গিত দিচ্ছিল। তখন প্লেটে তাকে খাবার দেওয়া হয়। শান্তভাবে বসে খাবার খেয়ে হনুমানটি চলে যায়। ঘটনাটি অন্য রকম মনে হওয়ায় ভিডিও করে রাখি। ফেসবুকে দিতেই তা ছড়িয়ে পড়ে।’

রেস্টুরেন্টের মালিক সামাদ ব্যাপারী বলেন, ‘হনুমানটি আরো কয়েক দিন তাঁর রেস্টুরেন্টের পাশে এসেছে, কিন্তু ভেতরে ঢোকেনি। বাইরে থেকে খাবার খেয়ে চলে গেছে।’

জানা যায়, কয়েক দিন ধরে জাজিরা পৌর এলাকায় একটি হনুমান ঘুরছে। সে কোথায়ও স্থির থাকে না। এ জন্য তার দেখভাল ও শুশ্রূষা করা যাচ্ছে না। তার ক্ষুধা লাগলে বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টের সামনে আসে। আবার খাবার খেয়ে চলে যায়।

জাজিরা পৌরসভার মেয়র ইদ্রিস মাদবর বলেন, ‘আমাদের অঞ্চলে আগে কখনো হনুমানের দেখা মেলেনি। হনুমানটি কোথা থেকে এসেছে, তা বুঝতে পারছি না। শুনেছি সে কারো কোনো ক্ষতি করছে না। আমরাও নজর রাখছি কেউ যাতে হনুমানের কোনো ক্ষতি করতে না পারে। আর চেষ্টা করব পৌরসভা থেকে হনুমানটির জন্য খাবার সরবরাহ করতে।