পূজা উপলক্ষে রবিদাস পরিবারের নারীদের মাঝে শাড়ি বিতরণ
‘হামারঘে এ পাড়ার বিধবা নারী বা ছ্যালাপিল্যাকে পূজা উপলক্ষে কেহু কুনুদিন কোন শাড়ি-কাপড় বা পোশাক দেয়নি। হামারঘে কথা কেহু ভাবে না। কিন্তু আইজ পূজা উপলক্ষে হামরা শাড়ি পাইনু। কিযে ভালো লাগছে কহ্যা বুঝাইতে পারবো না। যারা কাপড় দিল তারঘে লাইগ্যা ম্যালা ভালোবাসা।’
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নতুন শাড়ি উপহার পেয়ে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন ৬২ বছর বয়সী বিধবা নারী চঞ্চলা রবিদাস। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চাঁদলাই চামারপাড়া মহল্লার রবিদাস পরিবারের ৩০ জন নারীর মাঝে শনিবার বিকেলে এসব শাড়ি বিতরণ করে চাঁপাইনবাবগঞ্জে নারীদের সংগঠন ‘জাগো নারী বহ্নিশিখা’।
বিকেল সোয়া পাঁচটায় চাঁদলাই মিরের বাগান এলাকায় শাড়ি বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ফারুকা বেগম, সহসভাপতি শিরিন বেগম, সাধারণ সম্পাদক মনোয়রা খাতুন, সহসম্পাদক ছবি রানী, সদস্য বিলকিস চৌধুরী, নাদিরা বেগম, শাহনাজ রুমী, লিপি রায়, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, চামারপাড়া মহল্লার মোড়ল নিত্য দাস প্রমূখ।
শাড়ি পেয়ে ৭০ উর্ধ্ব বয়সের তারামুনি রবিদাস বলেন, যুদ্ধের সময় হামার স্বামীকে পাঞ্জাবিরা গুলি কইর্যা ম্যারাছিল। সেসময় থাইক্যা হামার দুই ব্যাটাকে অনেক কষ্ট কইর্যা মানুষ কইর্যাছি। এক ব্যাটা এখন ভারতে থাকে। আর এক ব্যাটা প্রতিবন্ধী। হামার বিধবা ভাতা ও ব্যাটার প্রতিবন্ধী ভাতায় কষ্ট কইর্যা সংসার চালাই। পূজাতে একখান লতুন কাপড় পাইনু। খুব খুশি হইয়্যাছি। যারা দিল তারাকে ধন্যবাদ হামরাকে মনে কইর্যা কাপড় দেয়ার লাইগ্যা।
সংগঠনের সভাপতি ফারুকা বেগম বলেন, আমরা কিছু নারীরা মিলে জাগো নারী বহ্নিশিখা নামের একটি সংগঠন করেছি। আমাদের উদ্দেশ্যে অসহায়, দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানো। প্রতি ঈদে ও পূজায় আমরা এসব নারীদের মাঝে কাপড় বিতরণ করে থাকি।