উপ-উপাচার্যকে লাঞ্ছিত করার সঙ্গে জড়িতদের ছাত্রত্ব বাতিলের দাবি

Demand to cancel the studentship of those involved in insulting the Deputy Vice-Chancellor
নিজস্ব প্রতিবেদক: ২২ সেপ্টেম্বর ২০২৫ ০৪:৪৬ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ২২ সেপ্টেম্বর ২০২৫ ০৪:৪৬ অপরাহ্ন
উপ-উপাচার্যকে লাঞ্ছিত করার সঙ্গে জড়িতদের ছাত্রত্ব বাতিলের দাবি
উপ-উপাচার্যকে লাঞ্ছিত করার সঙ্গে জড়িতদের ছাত্রত্ব বাতিলের দাবি। ছবি - কাবিল হোসেন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য (প্রশাসন) মাঈন উদ্দিনসহ তিন শিক্ষককে যারা লাঞ্ছিত করেছেন, তাদের ছাত্রত্ব বাতিলের দাবি উঠেছে। একইসঙ্গে তারা এখনও কীভাবে আসন্ন রাকসু নির্বাচনে প্রার্থীতা করার সুযোগ পাচ্ছেন, সে প্রশ্নও তুলেছেন শিক্ষকেরা।

অধ্যাপক মাঈন উদ্দিনসহ তিন শিক্ষক-কর্মকর্তাকে লাঞ্ছিত করার প্রতিবাদে সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধনের আয়োজন করেন শিক্ষক-কর্মকর্তারা। মানববন্ধন থেকেই বক্তারা অভিযুক্ত শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ অ্যাখা দিয়ে ছাত্রত্ব বাতিলের দাবি জানান।

বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি তাদের সঙ্গে কিছু সাবেক শিক্ষার্থীকেও দেখা যাচ্ছে। শিক্ষক-কর্মকর্তাদের ওপর হামলার জন্য বর্তমান ‘ছাত্র নামধারী সন্ত্রাসীদের’ ছাত্রত্ব বাতিল করতে হবে। আর সাবেক শিক্ষার্থীদের সনদ বাতিল করতে হবে।

মানববন্ধনে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক মাসুদুল হাসান খান মুক্তা বলেন, ‘যারা শিক্ষকের গায়ে হাত তুলতে পারে, তারা ছাত্র নয়। তারা সন্ত্রাসী। এদের কয়েকজন আবার রাকসু নির্বাচনের প্রার্থী। নির্বাচন কমিশনের কাছে আমার প্রশ্ন, প্রকাশ্যে এমন সন্ত্রাসী কার্যকলাপের পরেও তারা কীভাবে নির্বাচনে প্রার্থীতা করতে পারে? অবিলম্বে তাদের প্রার্থীতা বাতিল করতে হবে। পাশাপাশি তাদের ছাত্রত্ব বাতিল করতে হবে।’

তিনি বলেন, ‘আমাদের কোনো নিরাপত্তা নেই। তাহলে আমরা ২৫ তারিখে রাকসু নির্বাচন করব কীভাবে? তারা তো যে কোনো সময় আমাদের ওপর হামলা করতে পারে। আমাদের নিরাপত্তা কে দেবে? তাই আগে এ ধরনের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতির সভাপতি মুক্তার হোসেন। প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, রাবিতে কর্মরতদের সন্তানদের ভর্তির জন্য আগে থেকেই ৪ শতাংশ পোষ্য কোটা ছিল। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এ কোটা বাতিল হলে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তা বহালের জন্য আন্দোলন করে আসছিলেন। সবশেষ গত ১৭ সেপ্টেম্বর তারা জানিয়ে দেন, দাবি আদায় না হলে ২১ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাবেন তারা। ফলে গত ১৮ সেপ্টেম্বর জরুরি অ্যাকাডেমিক কমিটির সভা হয়।

সভায় ১০ শর্তে প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহালের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু এর বিরুদ্ধে আবার টানা আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত শনিবার রাকসু নির্বাচনের স্বতন্ত্র জিএস প্রার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার প্রশাসন ভবনের সামনে তার অনুসারীদের নিয়ে বিক্ষোভ করছিলেন। ওই সময় উপ-উপাচার্য (প্রশাসন) মাঈন উদ্দিন প্রশাসন ভবন থেকে বেরিয়ে গাড়িতে উঠলে বাধার মুখে পড়েন।

শিক্ষার্থীরা ‘ভিক্ষা লাগলে ভিক্ষা নে’ বলে তার গাড়ির ওপর কিছু খুচরা পয়সা ছুড়ে মারেন। পরে গাড়ি থেকে নেমে হেঁটেই ক্যাম্পাসের বাসার সামনে যান উপ-উপাচার্য। সেখানে বাসার প্রধান ফটকে তালা লাগিয়ে দেওয়া হলে তিনি ঢুকতে পারেননি। পরে হেঁটে পাশের জুবেরী ভবনে যান।

এ সময় শিক্ষার্থীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। লাঞ্ছিত হন মাঈন উদ্দিনসহ তিনজন শিক্ষক-কর্মকর্তা। পরে সালাহউদ্দিন আম্মার দাবি করেন, উপ-উপাচার্যই তার গলা চেপে ধরেছিলেন।

এই ঘটনার পর রাতেও বিক্ষোভ চললে উপাচার্য সালেহ হাসান নকীব প্রাতিষ্ঠানিক সুবিধায় ভর্তি প্রক্রিয়া স্থগিত রাখার ঘোষণা দেন। রোববার বিকেলে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায়ও সিদ্ধান্ত বহাল থাকে।

প্রাতিষ্ঠানিক সুবিধা না পেয়ে ও শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা রোববার পূর্ণদিবস কর্মসূচি পালন করেন। সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য শুরু হয়েছে শাটডাউন। এ অবস্থায় আগামী ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।