রাজশাহীতে জেনারেল হাসপাতালকে ঘিরে উত্তেজনা

Tensions surrounding General Hospital
ছোটন সরদার ২৪ সেপ্টেম্বর ২০২৫ ০৫:৩৩ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ২৪ সেপ্টেম্বর ২০২৫ ০৫:৩৩ অপরাহ্ন
রাজশাহীতে জেনারেল হাসপাতালকে ঘিরে উত্তেজনা
রাজশাহীর রাজপাড়া থানাধীন লক্ষীপুর এলাকায় অবস্থিত রাজশাহী জেনারেল হাসপাতালকে ঘিরে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।

রাজশাহীর রাজপাড়া থানাধীন লক্ষীপুর এলাকায় অবস্থিত রাজশাহী জেনারেল হাসপাতালকে ঘিরে চরম উত্তেজনা সৃষ্টি  হয়েছে। মিথ্যা সংবাদ প্রচার, চাঁদাবাজি, সন্ত্রাসী হামলা ও প্রতিষ্ঠান দখলের চেষ্টার অভিযোগ তুলে একাংশ মালিক পক্ষ আজ সোমবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করেছে।

দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ূন খালেক শিহাব। এ সময় শেয়ারহোল্ডার মো. জাবের আলী ও মো. আলতাফ হোসেনসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে শিহাব বলেন, সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও প্রতিষ্ঠান দখলের অভিযোগ তোলা হয়েছে। তিনি অভিযোগ করেন, “এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক।” তিনি জানান, ২০১৮ সালে তিনি রাজশাহী জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা করেন এবং এটি দীর্ঘদিন ধরে প্রোপ্রাইটরশিপ প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হয়ে আসছে।

তিনি আরও অভিযোগ করেন, গত ২০ সেপ্টেম্বর রাত ৮টার দিকে স্বেচ্ছাসেবক দলের রাজপাড়া থানা আহ্বায়ক শিশির ও তার সহযোগীরা তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং তাকে মারধর করে। এ ঘটনায় ২১ সেপ্টেম্বর রাজপাড়া থানায় একটি মামলা (নং ২১) দায়ের করা হয়েছে।

হাসপাতালটির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। জানা গেছে, চলতি বছরের এপ্রিল মাসে শিহাবকে ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে আবু সাদাত মো. সায়েম রাজু হাসপাতালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে তিনি শিহাবের মামা।

এদিকে, শেয়ার মালিকানার দ্বন্দ্ব ও পারিবারিক বিরোধের কারণে এ স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠানটি নিয়ে একাধিক মামলা-মোকদ্দমা চলছে। বর্তমানে হাসপাতালটির কার্যক্রম চালু থাকলেও মালিকানা বিরোধে অচলাবস্থা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়দের দাবি, দ্রুত মালিকানা সংকটের সুরাহা না হলে এর নেতিবাচক প্রভাব স্বাস্থ্যসেবা গ্রহণকারীদের ওপর পড়তে পারে।