অস্ত্রসহ ক্যাম্পের শেড থেকে রোহিঙ্গা গ্রেফতার
রোহিঙ্গা ক্যাম্পের শেড থেকে অস্ত্রসহ রোহিঙ্গা গ্রেফতার হয়েছে। জুমাবার ২৬ সেপ্টেম্বর রাত ১২টা ১৫ মিনিটের সময় ইন্টেলিজেন্স তথ্যের ভিত্তিতে ১৪ এপিবিএন কক্সবাজারের উখিয়ার অতিরিক্ত ডিআইজি, অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমিন এর দিকনির্দেশনায় উক্ত অভিযান পরিচালিত হয়।
বিজয়বাংলা নিউজকে এপিবিএন জানায়, ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের ক্যাম্প অপারেশন অফিসার পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ এর নেতৃত্বে সঙ্গীয় এসআই কায়েমুল ইসলাম ও এএসআই শাহাবুদ্দিন রাত্রীকালীন মোবাইল-৪ ডিউটিসহ রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্ট, মেইন ব্লক সি, সাব-ব্লক এইচ/৪১, এলাকায় অভিযান চালায়। পরিচালিত অভিযানে রোহিঙ্গা আনোয়ার সাদেক (২০), পিতা-মোহাম্মদ হোসেন, এফসিএন নং: ১০৪৮৬০, উখিয়াকে তার নিজ শেড হতে ১টি দেশীয় তৈরি এলজি, ১টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ৭ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ, ৭.৬২ রাইফেল এর গুলি ৯ রাউন্ডসহ গ্রেফতার করে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়।
পরে গ্রেফতার আসামীকে উদ্ধার অবৈধ অস্ত্র ও গুলিসমূহ আইনানুগ ব্যবস্থা গ্রহণে উখিয়া থানায় হস্তান্তর এবং মামলা দায়ের করা হয়। মামলা নং-৬৯, ২৬/৯/২০২৫ খ্রিঃ।