শিরোপা পুনরুদ্ধার ম্যানচেস্টার সিটির
ইংলিশ লিগ কাপের শিরোপা পুনরুদ্ধার করল ম্যানচেস্টার সিটি। ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে আজ পেপ গার্দিওলার দল ২-০ গোলে পরাজয়ের স্বাদ উপহার দিল আর্সেনালকে। সেইসঙ্গে ২০০১ সালের পর আবারও এই টুর্নামেন্টের শিরোপা নিজেদের শোকেসে তুলল সিটিজেনরা।
ম্যানচেস্টার সিটির হয়ে দুটি গোলই করেছেন নিকো ও-রিলি। তাও আবার মাত্র ৪ মিনিটের ব্যবধানে গানারদের জালে দুটি গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে প্রথম গোল করে সিটিজেনদের এগিয়ে দেন তিনি। এর ৪ মিনিটের মধ্যেই গোল ব্যবধান দ্বিগুন করেন নিকো ও-রিলি।
এরপর আর কোন গোল না হলে দুই গোলের ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সফল ক্লাব ম্যানচেস্টার সিটি। সেইসঙ্গে দ্বিতীয় সর্বোচ্চ নয়বার এই টুর্নামেন্টের শিরোপা জয়ের নজীরও গড়ল সিটিজেনরা।
অন্যদিকে, ২০২০ সালের পর প্রথম মেজর কোন সোনালী ট্রফি জয়ের স্বপ্নে বিভোর আর্সেনালের আরও একবার হতাশা নিয়ে মাঠ ছাড়ার গল্প রচিত হলো।
আর্সেনালকে হারিয়ে নতুন এক নজীর গড়েছেন ম্যানচেস্টার সিটির সফল কোচ পেপ গার্দিওলা। ইতিহাসের প্রথম কোচ হিসেবে রেকর্ড ৫ বার ইংলিশ লিগ কাপের শিরোপা জয়ের নজির গড়লেন তিনি।