ঈদের ছুটি শেষে আজ থেকে খুলল অফিস, ব্যাংক-পুঁজিবাজার

Office, Bank-Capital Market
অনলাইন ডেস্ক : ২৪ মার্চ ২০২৬ ১২:১৩ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক : ২৪ মার্চ ২০২৬ ১২:১৩ অপরাহ্ন
ঈদের ছুটি শেষে আজ থেকে খুলল অফিস, ব্যাংক-পুঁজিবাজার
--সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের দীর্ঘ ছুটি শেষে আজ থেকে আবারও কর্মতৎপরতায় ফিরেছে দেশ। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকেই সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানের পাশাপাশি খুলেছে ব্যাংক, বিমা ও পুঁজিবাজার। 

জানা যায়, আজ সকাল ৯টা থেকেই সব সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়মিত অফিস কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। 

চলতি বছর ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি একদিন বাড়িয়ে টানা সাত দিন করা হয়েছিল। গত ১৬ মার্চ ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। ১৭ মার্চ শবে কদরের ছুটির পর ১৮ মার্চ নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষিত হওয়ায় দেশবাসী টানা দীর্ঘ ছুটির সুযোগ পায়। 

সেই ছুটির আমেজ কাটিয়ে সোমবার (২৩ মার্চ) পর্যন্ত বিশ্রামের পর আজ থেকে আবারও কাজে ফিরেছেন সবাই।

এদিকে দেশের ব্যাংকিং খাতও ফিরেছে আগের সময়সূচিতে। ব্যাংকগুলোতে আজ সকাল ১০টা থেকে গ্রাহক লেনদেন শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। 

তবে ব্যাংকগুলোর অভ্যন্তরীণ ও দাপ্তরিক কাজ পরিচালনার জন্য সময় নির্ধারিত হয়েছে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। একইভাবে পুঁজিবাজারেও লেনদেনের নতুন সময়সূচি কার্যকর হয়েছে। 

আজ থেকে শেয়ার বাজারে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত এবং দাপ্তরিক কাজ চলবে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।

এদিকে মঙ্গলবার ও বুধবার কর্মদিবস পার করলেই পরশুদিন বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আবারও সরকারি ছুটি। এর সঙ্গে যুক্ত হচ্ছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। 

ফলে আজ কাজে যোগ দেওয়ার মাত্র দুদিন পরেই আবারও টানা তিন দিনের অবকাশের সুযোগ পাচ্ছেন চাকরিজীবীরা।