স্বাধীনতা দিবসে শহীদ মিনার অবরুদ্ধ, দলীয় কর্মসচীর স্টেজ

Shaheed Minar blocked on Independence Day
ছোটন সরদার ২৬ মার্চ ২০২৬ ০৫:৩৭ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ২৬ মার্চ ২০২৬ ০৫:৩৭ অপরাহ্ন
স্বাধীনতা দিবসে শহীদ মিনার অবরুদ্ধ, দলীয় কর্মসচীর স্টেজ

রাজশাহী নগরীর ভুবন মোহন পার্ক শহীদ মিনার এলাকায় মহান স্বাধীনতা দিবসের সকালে এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। শ্রদ্ধা নিবেদনের মতো সংবেদনশীল একটি জাতীয় অনুষ্ঠানে শহীদ মিনার চত্বর পুরোপুরি অবরুদ্ধ করে স্টেজ ও প্যান্ডেল স্থাপন করা হয়, যা নিয়ে উপস্থিত সাধারণ মানুষ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন ও বিস্ময় দেখা দেয়।

সকালে নির্ধারিত সময়ে অনেকেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এলে দেখতে পান, মূল প্রবেশপথে একটি দলীয় কর্মসূচির মতো আয়োজন চলছে। সেখানে দায়িত্বরত এক নারী পুলিশ সদস্যের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি সুনির্দিষ্টভাবে জানাতে পারেননি এটি কোন দলের কর্মসূচি। তিনি জানান, তারা ভোর সাড়ে পাঁচটা থেকে সেখানে দায়িত্ব পালন করছেন।

এমন পরিস্থিতিতে অনেকেই শহীদ মিনারে শ্রদ্ধান্জলি নিবেদন করতে না পেরে ফিরে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান। জাতীয় দিবসে সকলের জন্য উন্মুক্ত একটি স্থানে এমন অবরুদ্ধতা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি করেছে।

এদিকে, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা বাধার মুখে বিকল্প পথ ব্যবহার করে শহীদ মিনারের পেছন দিক দিয়ে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সংগঠনের পক্ষ থেকে এ ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বলা হয়, জাতীয় দিবসে কোনোভাবেই শহীদ মিনারের মতো স্থান দলীয় কর্মসূচির জন্য সীমাবদ্ধ করে রাখা উচিত নয়।

সচেতন মহল মনে করছে, মহান স্বাধীনতা দিবসের মতো সর্বজনীন দিনে এমন অনিয়ন্ত্রিত আয়োজন ভবিষ্যতে এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুস্পষ্ট সমন্বয় ও নীতিমালা প্রয়োজন। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অধিকার যেন নির্বিঘ্ন ও সবার জন্য সমানভাবে নিশ্চিত হয় এটাই প্রত্যাশা।