গোদাগাড়ীতে তথ্য অধিকার আইন বিষয়ক ক্যাম্পেইন

Campaign on Right to Information Act in Godagari
গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধি: ২৯ মার্চ ২০২৬ ০৬:৪০ অপরাহ্ন সারা বাংলা
গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধি: ২৯ মার্চ ২০২৬ ০৬:৪০ অপরাহ্ন
গোদাগাড়ীতে তথ্য অধিকার আইন বিষয়ক ক্যাম্পেইন
গোদাগাড়ীতে তথ্য অধিকার আইন বিষয়ক ক্যাম্পেইন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাটে তথ্য অধিকার আইন বিষয়ক এক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রোববার ২৯ মার্চ বেলা ১১টায় রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)-এর উদ্যোগে কাকনহাটের ‘আশ্বাস’ কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়।

রিইব-এর মাঠ সমন্বয়কারী বাবুল চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে এবং লিপি টুডুর সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার সুধী সমাজের প্রতিনিধি ও বিভিন্ন জনগোষ্ঠীর নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ও অতিথিরা তথ্য অধিকার আইনকে একটি ‘জীবনমুখী আইন’ হিসেবে উল্লেখ করে এটি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।

কর্মসূচিতে বক্তব্য রাখেন আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের সভাপতি মানসুরুর রহমান, জেলা সভাপতি খোন্দকার লিয়াকত আলী, সচেতন সংস্থার সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার শামিউর রহমান, চাঁদের আলো ফাউন্ডেশনের পরিচালক হাফিজুর রহমান, আশ্বাস-এর সভাপতি উত্তম খালকো এবং জাতীয় আদিবাসী পরিষদ গোদাগাড়ী উপজেলা শাখার সভাপতি রবীন্দ্রনাথ হেমব্রম প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ে তথ্য অধিকার আইন চর্চার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন রুনা লায়লা, প্রতিমা রাণী, অপু রামদাস, মিষ্টি রাণী ও রাফায়েল কিস্কু। বক্তারা সাধারণ মানুষের তথ্য প্রাপ্তির সফলতার গল্প শুনে সন্তোষ প্রকাশ করেন এবং সকলকে এই আইন ব্যবহারে উৎসাহিত করেন। পুরো কর্মসূচিটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নৃপেন্দ্রনাথ মাঝি ও সুধা টপ্প্য।