পিএসএলে কোয়েটার প্রথম জয়

অনলাইন ডেস্ক ২৯ মার্চ ২০২৬ ০৮:০৬ অপরাহ্ন খেলা
অনলাইন ডেস্ক ২৯ মার্চ ২০২৬ ০৮:০৬ অপরাহ্ন
পিএসএলে কোয়েটার প্রথম জয়
__সংগৃহীত ছবি

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দিনের প্রথম ম্যাচে হায়দ্রাবাদ কিংস ম্যানকে ৪০ রানের বড় ব্যবধানে হারিয়ে আসরে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৭৪ রান করে কোয়েটা। জবাবে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৪ রান করে হায়দরাবাদ।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কোয়েটা। শুরুতেই অধিনায়ক সৌদ শাকিল (৪) এবং রাইলি রুশো (০) দ্রুত বিদায় নিলেও হাল ধরেন শামিল হোসেন এবং হাসান নাওয়াজ। তৃতীয় উইকেটে এই দুই ব্যাটার মিলে গড়েন ৮৯ রানের জুটি । শামিল ৪১ বলে ৫৪ রান এবং হাসান নাওয়াজ ৪০ বলে ৫৩ রানে আউট হন।

শেষ দিকে টম কারানের ১৮ বলে ৩১ রানের ক্যামিওতে লড়াকু পুঁজি পায় কোয়েটা।

হায়দ্রাবাদের হয়ে রাইলি মেরেডিথ ৩৮ রানে ৩টি উইকেট নেন। এছাড়া মাহিশ থিকশানা এবং আকিফ জাভেদ পান ২টি করে উইকেট।

১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে হায়দরাবাদ কিংস ম্যান। ওপেনার সাইম আইয়ুব (৮) এবং মাজ সাদাকাত (০) দ্বিতীয় ওভারেই ফিরে যান। অধিনায়ক মার্নাস লাবুশেন কিছুটা লড়াই করার চেষ্টা করলেও ২৩ রানের বেশি করতে পারেননি।

ইনিংসের মাঝপথে আবরার আহমেদের ঘূর্ণিতে খেই হারিয়ে ফেলে হায়দরাবাদের মিডল অর্ডার। আবরার মাত্র ২৩ রান দিয়ে শিকার করেন তিনটি উইকেট। হায়দরাবাদের হয়ে ইরফান খান নিয়াজি সর্বোচ্চ ৩৩ রান করলেও তা পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।