রাজশাহীতে স্কুলছাত্রকে পেটানো কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় নবম শ্রেণির এক স্কুলছাত্রকে মারধর, ভয়ভীতি প্রদর্শন ও এলাকায় ত্রাস সৃষ্টির ঘটনায় কিশোর গ্যাংয়ের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর পর পুলিশ কিশোর গ্যাং সদস্যদের গ্রেপ্তারে অভিযান চালায়।
গ্রেপ্তারের বিষয়ে বিস্তাতিত জানাতে শুক্রবার(২২মে) বিকেলে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। সদরদপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ের আরএমপির মূখপাত্র গাজিউর রহমান জানান, কয়েকদিন আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে কোর্ট একাডেমির নবম শ্রেণির শিক্ষার্থী রাফিদ হোসেন রাফির সঙ্গে কয়েকজন কিশোরের কথা কাটাকাটি হয়। এর জেরে গত ১৯ মে বিকেল ৩টার পর স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাজপাড়া থানার ফুড অফিসের সামনে পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন কিশোর তার পথরোধ করে।
পরে তারা দলবদ্ধভাবে রাফিকে এলোপাতাড়ি মারধর করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। ঘটনাস্থলে আতঙ্ক ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় এবং আশপাশে থাকা অন্যান্য শিক্ষার্থীদের মধ্যেও ভীতি ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
অভিযোগ রয়েছে, অভিযুক্তরা ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে রাজপাড়া থানা পুলিশকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।শিক্ষাঙ্গন সংবাদ
গাজিউর রহমান আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০১৯-এর ৪/৫ ধারায় মামলা দায়ের করে। মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে।
পরে শুক্রবার (২২মে) ভোর সাড়ে ৫টার দিকে অভিযানে মামলার প্রধান আসামি জহুরুল ইসলাম সোহান ও সোহাগ হোসেনকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।