সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার ও শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

Human chain formed in Rajshahi demanding justice for child Ramisa's murder
জেসিকা শেখ: ২৩ মে ২০২৬ ০৫:১২ অপরাহ্ন সারা বাংলা
জেসিকা শেখ: ২৩ মে ২০২৬ ০৫:১২ অপরাহ্ন
সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার ও শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন
ছবি - জেসিকা শেখ

সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা কথিত মিথ্যা মামলা প্রত্যাহার এবং শিশু রামিসাসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় নগরীর জিরোপয়েন্টে রাজশাহী প্রেসক্লাব-এর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। তারা রাজশাহী প্রেসক্লাবের কয়েকজন সাংবাদিক ও বিএনপির দুই নেতার বিরুদ্ধে দায়ের করা অস্ত্র ও চাঁদাবাজির মামলার তীব্র নিন্দা জানান এবং দ্রুত এসব মামলা প্রত্যাহারের দাবি করেন। একইসঙ্গে মামলা প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

বক্তারা আরও বলেন, শিশু রামিসাসহ সারাদেশে ধর্ষণ ও হত্যার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা মামুন, রাজশাহী এডিটর ফোরামের সভাপতি লিয়াকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা বরজাহান আলী, রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক আজিবার রহমান, সিনিয়র সাংবাদিক শাহরিয়ার অন্তু, এটিএন বাংলার প্রতিনিধি সুজাউদ্দিন ছোটন, মোহনপুর প্রেসক্লাবের সভাপতি রুবেল সরকার, সাংস্কৃতিক কর্মী ওয়ালিউল রহমান বাবুসহ বিভিন্ন সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে সংহতি প্রকাশ করেন।


এসআইএল/বিবিএন