রামিসা হত্যার মামলা: সোহেল-স্বপ্নার বিচার শুরু আগামী ১ জুন

অনলাইন ডেস্ক ২৪ মে ২০২৬ ০৫:৩১ অপরাহ্ন শীর্ষ খবর
অনলাইন ডেস্ক ২৪ মে ২০২৬ ০৫:৩১ অপরাহ্ন
রামিসা হত্যার মামলা: সোহেল-স্বপ্নার বিচার শুরু আগামী ১ জুন
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় হওয়া মামলার বিচার শুরু হবে আগামী ১ জুন। --সংগৃহীত ছবি

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় হওয়া মামলার বিচার শুরু হবে আগামী ১ জুন। 

রোববার (২৫ মে) বিকেলে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন অভিযোগ গঠন শুনানির জন্য এ দিন ধার্য করেন।

অভিযোগ গঠন হলে সেদিনই তাদের আনুষ্ঠানিক বিচার শুরু হবে।

একইদিনে আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান।

অভিযোগপত্রে সোহেল রানার বিরুদ্ধে রামিসাকে ধর্ষণের পর হত্যা এবং স্বপ্নার বিরুদ্ধে উক্ত অপরাধে সহায়তার অভিযোগ আনা হয়েছে। ৪৭ পৃষ্ঠার চার্জশিটে সাক্ষী করা হয়েছে ১৫ জনকে।

 এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক মামলাটি পরবর্তী বিচারের জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেন। 

এদিন সকালে আসামি সোহেল রানা ও স্বপ্নাকে কারাগার থেকে আদালতে আনা হয়।

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়। 

গত ১৯ মে সকালে রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার পরপরই আসামি স্বপ্নাকে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় রামিসার বাবা বাদী হয়ে পল্লবী থানায় একটি মামলা করেন। গত ২১ মে সেই মামলায় সোহেল রানা আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।