কুমিল্লায় গানের আসরে এমপির টাকা ছিটানোর ভিডিও ভাইরাল

Video of MP throwing money at a music festival in Comilla goes viral
অনলাইন ডেস্ক ২৫ মে ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ২৫ মে ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ন
কুমিল্লায় গানের আসরে এমপির টাকা ছিটানোর ভিডিও ভাইরাল
--সংগৃহীত ছবি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গানের আসরে এমপির টাকা ছিটানোর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। রোববার দিনভর কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিনের ওই ভিডিও ফেসবুকে ভাসতে থাকে। এতে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

এরআগে শনিবার রাত ১টার দিকে সংসদ সদস্য জসিম উদ্দিন নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটি গানের আসরের লাইভ প্রচার করেন।

এতে ১৫ মিনিটের ভিডিওতে দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটি ইসলামি গানের মিউজিকের সঙ্গে সঙ্গে সবাই হাততালি দিচ্ছেন এবং সংসদ সদস্য জসিম উদ্দিন শিল্পীদের ওপরে টাকা ছিটাচ্ছেন। একজন আইন প্রণেতার এমন ভিডিও নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া চলছে। 

স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে ব্রাহ্মণপাড়া উপজেলার বেড়াখলা গ্রামের মালদ্বীপ প্রবাসী রাহাত হোসেনের বাড়িতে একটি ঘরোয়া গানের আসরের আয়োজন করা হয়। এতে আমন্ত্রিত হয়ে সেখানে গান উপভোগ করেন স্থানীয় সংসদ সদস্য জসিম উদ্দিন। এসময় গান উপভোগ এবং ভালো লাগার মূহুর্তে তিনি গায়কের ওপর টাকা ছিটিয়ে দেন। এতে সুরের মূর্ছনায় তালি দিয়ে তিনি সুর মিলান। 

এমপির এমন ভিডিও সামাজিক মাধ্যমে দেখে অনেকেই মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। 

বিষয়টি নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপি নেতা নেতিবাচক মন্তব্য করেন। দেশের একজন আইন প্রণেতা এভাবে গানের আসরে টাকা ছিটানো ঠিক হয়নি বলে মন্তব্য করেন কেউ কেউ। 

এই বিষয়ে কুমিল্লা-৫ (বুড়িচং ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিনকে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।