বাংলাদেশ সিরিজ চ্যালেঞ্জিং হবে : অস্ট্রেলিয়া অধিনায়ক

Australia captain
অনলাইন ডেস্ক ০৮ জুন ২০২৬ ০৫:০৭ অপরাহ্ন খেলা
অনলাইন ডেস্ক ০৮ জুন ২০২৬ ০৫:০৭ অপরাহ্ন
বাংলাদেশ সিরিজ চ্যালেঞ্জিং হবে : অস্ট্রেলিয়া অধিনায়ক
সংগৃহীত ছবি

এক যুগের বেশি সময় পর ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া দল। দীর্ঘ এই সময়ের মধ্যে বাংলাদেশ দল আগের তুলনায় আরো শক্তিশালী হয়েছে। যে কারণে ম্যাচের আগের দিন আজ সোমবার সংবাদ সম্মেলনে অজি অধিনায়ক জানালেন আসন্ন সিরিজ বেশি চ্যালেঞ্জিং হবে।

জস ইংলিস বলেন, 'আসলে বাংলাদেশের সাথে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং। তাদের দলে অনেক অলরাউন্ডার। হোম কন্ডিশনে তারা অবশ্যই অনেক ভালো দল। আগে অনেক দল (এখানে এসে চাপে পড়েছে)। তবে আমরা মানসিকভাবে নিজেদের ওপর বিশ্বাস রাখছি। আশা করি বেশ ভালো একটি সিরিজ হবে।'

এই সিরিজের উইকেট নিয়ে ইংলিস বলেন, 'এখানে নিউজিল্যান্ড সিরিজের উইকেটে ঘাস ছিল দেখেছি। নতুন বল ভালো কাজ করেছে। কিছুটা সিম ফ্রেন্ডলি ছিল, সেসব মাথায় নিয়েই আগাচ্ছি এবং প্রস্তুত আছি। হালকা দেখা হয়েছে উইকেট, আজকে ভালোভাবে দেখব।'

নিজ দলের পেসার নাথান এলিসকে নিয়ে ইংলিস বলেন, 'নাথান আমাদের জন্য অনেক জরুরি প্লেয়ার। গত কয়েক বছরে সে অনেক দায়িত্ব নিয়ে খেলেছে। আমরা তাকে যে ভূমিকা দিয়েছি তাতেই সে ভালো করেছে। তার বলে ভালো বৈচিত্র্য রয়েছে। দারুণ স্কিলফুল বোলার সে, ম্যাচের তিন স্তরেই বল করতে পারে। আশা করছি এই সিরিজে সে নিজের ভূমিকাটা পালন করবে।'

'এই সিরিজ খুবই এক্সাইটিং হতে যাচ্ছে। আগেই বললাম, অস্ট্রেলিয়া বা বাংলাদেশ সাধারণত একে অপরের সাথে খুব বেশি মুখোমুখি হয় না। আমাদের ছেলেরা অনেক এক্সাইটেড। এই কন্ডিশনে মাঠে নেমে খেলতে সবাই মুখিয়ে আছে।'