সাপে কাটা কৃষককে ৫ ঘণ্টা ঝাড়ফুঁক, হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু

Death before reaching the hospital
অনলাইন ডেস্ক ০৮ জুন ২০২৬ ০৫:৪৫ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ০৮ জুন ২০২৬ ০৫:৪৫ অপরাহ্ন
সাপে কাটা কৃষককে ৫ ঘণ্টা ঝাড়ফুঁক, হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু
সংগৃহীত ছবি

মেহেরপুরের গাংনী উপজেলায় বিষধর সাপের কামড়ে মাহাতাব হোসেন (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) সকালে উপজেলার হিজলবাড়ীয়া-সাহারবাটি মাঠে এ ঘটনা ঘটে।

নিহত মাহাতাব হোসেন দুই সন্তানের জনক এবং হিজলবাড়ীয়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জমি চাষের উদ্দেশ্যে মাঠে যান মাহাতাব হোসেন। এ সময় জমির আইলের পাশে থাকা একটি গর্তে লুকিয়ে থাকা বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে না নিয়ে প্রথমে চৌগাছা গ্রামের ওঝা ইদ্রিস আলীর কাছে নিয়ে যান।

অভিযোগ রয়েছে, ওঝা প্রায় চার থেকে পাঁচ ঘণ্টা ধরে ঝাড়ফুঁক করলেও মাহাতাবের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। বরং ধীরে ধীরে তার অবস্থার অবনতি ঘটে। একপর্যায়ে তিনি নিস্তেজ হয়ে পড়লে ওঝা তাকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

পরে স্বজনরা দুপুরের দিকে মাহাতাবকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো ভাই ইনারুল ইসলাম বলেন, সাপে কামড় দেওয়ার পর মাহাতাব ভাইকে প্রথমে ওঝার কাছে নেওয়া হয়। সেখানে দীর্ঘ সময় ঝাড়ফুঁক চলে। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তৎক্ষণে অনেক দেরি হয়ে যায়।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদ হোসেন বলেন, সাপে কামড়ের পর রোগীকে দ্রুত হাসপাতালে আনা অত্যন্ত জরুরি। সময়মতো হাসপাতালে আনা হলে প্রয়োজনীয় চিকিৎসা ও অ্যান্টিভেনম প্রয়োগের মাধ্যমে তাকে বাঁচানোর সুযোগ ছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।