সিরাজগঞ্জে একদিনে গুঁড়িয়ে দেওয়া হলো ৫০ স্থাপনা

অনলাইন ডেস্ক ০৮ জুন ২০২৬ ০৬:১০ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ০৮ জুন ২০২৬ ০৬:১০ অপরাহ্ন
সিরাজগঞ্জে একদিনে গুঁড়িয়ে দেওয়া হলো ৫০ স্থাপনা
সংগৃহীত ছবি

সিরাজগঞ্জে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধিগ্রহণকৃত জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। নলকা-সিরাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কের প্রায় সাড়ে ৬ কিলোমিটার এলাকায় পরিচালিত এ অভিযানে আনুমানিক ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। প্রায় ২০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সোমবার (৮ জুন) সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অভিযান চলে। সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমুর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সড়ক ও জনপথ বিভাগ, পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।

অভিযান চলাকালে মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা অপসারণ করা হয়। দীর্ঘদিন ধরে সওজের অধিগ্রহণকৃত জমি দখল করে এসব স্থাপনা নির্মাণ করা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সওজ সূত্রে জানা গেছে, নলকা-কাটাওয়াপাড়া এলাকা থেকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ পর্যন্ত মহাসড়কের উভয় পাশে অধিগ্রহণকৃত জমিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন স্থাপনা গড়ে তোলা হয়েছিল। সড়ক উন্নয়ন ও সম্প্রসারণ কার্যক্রম নির্বিঘ্ন করতে এসব স্থাপনা অপসারণ করা হচ্ছে।

সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু ঢাকা পোস্টকে বলেন, আমাদের প্রধান লক্ষ্য সিরাজগঞ্জকে একটি আধুনিক ও বসবাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলা। সড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতায় সরকার প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করেছে এবং ক্ষতিগ্রস্ত জমির মালিকদের ক্ষতিপূরণও প্রদান করা হয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে অধিগ্রহণকৃত জমির পূর্ণ দখল বুঝে নেওয়া সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, বিভিন্ন মাধ্যমে একাধিকবার নোটিশ, গণবিজ্ঞপ্তি ও মাইকিং করে স্থাপনা সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছিল। এরপরও যারা নির্দেশনা মানেননি, তাদের স্থাপনাগুলো উচ্ছেদ করা হচ্ছে। এই উচ্ছেদ অভিযান পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।