নাহিদ রানার প্রশংসা করে যা বললেন অস্ট্রেলিয়ান অধিনায়ক
গেল দুই বছর ধরে দারুণ ফর্মে আছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ এবং পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজেও বল হাতে আগুন ঝরিয়েছেন এই পেসার। এবার অস্ট্রেলিয়া সিরিজ, ৩ ম্যাচের ওয়ানডে এবং ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে তারা।
অস্ট্রেলিয়া স্কোয়াডে অধিনায়কের দায়িত্বে আছেন জশ ইংলিস। প্রথম ওয়ানডের আগের দিন অস্ট্রেলিয়ার প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে এলেন অধিনায়ক ইংলিশ। কথা বলেছেন রানাকে নিয়ে।
তিনি বলেন ‘আমি তার বোলিং (নাহিদ রানার বোলিং) অনেক বেশি দেখিনি। তবে যতটুকু দেখেছি মনে হয়েছে, সে অনেক ভালো একজন বোলার, দারুণ এক্সাইটিং প্রসপেক্ট। সে বেশ লম্বা এবং অনেক জোরে বল করে। এমন কম্বিনেশন থাকাটা দারুণ ব্যাপার। তাকে খেলাটা এই সিরিজে আমাদের জন্য বেশ কঠিন এক কাজ হতে যাচ্ছে।’
এই সিরিজে বাংলাদেশি পেসাররা এগিয়ে থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে অজি অধিনায়ক বলেছেন, ‘এই সিরিজের পর বোঝা যাবে (হাসি)। অবশ্যই আমাদের দলে বড় অনেক নাম নেই। তবে যারা দলে আছে তারাও অনেক দিন ধরে খেলছে। নাথান এলিস অনেক দিন ধরে ভালো করে আসছে, বেন ডোয়ারসুইশও। তাদের এই পর্যায়ের ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে। তারা অনেক এক্সাইটিং এবং তারা এই সিরিজে কী করতে পারে তা দেখতে আমি মুখিয়ে আছি।’