বরিশাল ডিআইজি কার্যালয় থেকে ২ জোড়া কালনাগিনী সাপ উদ্ধার
বরিশাল নগরীর কাশিপুর এলাকায় অবস্থিত ডিআইজি কার্যালয় থেকে দুই দিনে ২ জোড়া কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী উদ্ধার অভিযান পরিচালনা করে সাপগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করেছে।
সোমবার (৮ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত এক জোড়া এবং এর আগের দিন রোববার (৭ জুন) আরেক জোড়া সাপ উদ্ধার করা হয়। উদ্ধার করা মোট চারটি সাপ বর্তমানে বন বিভাগের হেফাজতে রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ডিআইজি কার্যালয় থেকে উদ্ধার করা চারটি সাপ বর্তমানে বন বিভাগের হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে সেগুলো গহীন বনে অবমুক্ত করা হবে।
ডিআইজি কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে ডিআইজির কক্ষের দেয়ালের ভেতর থেকে প্রথম জোড়া সাপ উদ্ধার করা হয়। আজ সোমবার সকালে অফিস খোলার পরে আবারও কার্যালয়ে সাপ দেখতে পেয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের খবর দেওয়া হয়। আজ সকাল থেকে বিকেল পর্যন্ত উদ্ধার অভিযানে আরও ২টি সাপ উদ্ধার করা হয়।
অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা জানান, রোববার বিকেলে ডিআইজি কার্যালয়ের একটি কক্ষে কয়েকটি সাপ প্রবেশের খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। বিকেল ৪টার দিকে অভিযান শুরু করে তারা প্রথমে কক্ষের ছাদের পার্টিশনের একটি অংশ খুলে তল্লাশি চালায়। সেখানে সাপ না পাওয়ায় পরে দেয়ালের একটি অংশ ভেঙে অনুসন্ধান করা হয়।
একপর্যায়ে দেয়ালের ফাঁক থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার করা সম্ভব হয়। পরে সাপ দুটি বন বিভাগের বরিশাল সদর রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। আজও সারাদিন আমাদের সংগঠনের সদস্যরা অভিযান চালিয়ে আরও দুটি সাপ উদ্ধার করে। গত ২ দিনে উদ্ধার হওয়া ৪টি সাপ বন বিভাগে হস্তান্তর করা হয়েছে।