বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
বাংলাদেশ সফরে রয়েছে অস্ট্রেলিয়া পুরুষ দল। এরমধ্যে জানা গেল নারী ক্রিকেট নিয়ে নতুন খবর। ২০২৭ সালের জন্য পূর্বনির্ধারিত নারীদের চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
সেই সময়সূচিতে এখন নিউজিল্যান্ড নারী দল অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে, এরপর মার্চে আবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নেবে।
আইসিসি শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় নারী চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী আসরের সূচি জুন-জুলাই থেকে সরিয়ে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর অস্ট্রেলিয়া তাদের নারী দলের ঘরোয়া আন্তর্জাতিক সূচি পুনর্বিন্যাস করে।
এর আগে বাংলাদেশ নারী দল ৯ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ব্রিসবেন ও সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল। নতুন সূচিতে ওয়ানডে সিরিজটি বহাল থাকলেও টি-টোয়েন্টি সিরিজটি বাতিল করা হয়েছে।