বিমানবন্দরে ৬৪৭ কার্টন সিগারেট ও নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ

647 cartons of cigarettes and banned beauty cream seized
অনলাইন ডেস্ক ১৩ জুন ২০২৬ ১১:০৬ পূর্বাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ১৩ জুন ২০২৬ ১১:০৬ পূর্বাহ্ন
বিমানবন্দরে ৬৪৭ কার্টন সিগারেট ও নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযানে ৬৪৭ কার্টন সিগারেট ও ২৪০টি আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করা হয়েছে।--সংগৃহীত ছবি

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযানে ৬৪৭ কার্টন সিগারেট ও ২৪০টি আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) রাতে এই তথ্য নিশ্চিত করে বিমানবন্দর কর্তৃপক্ষ।

আজ শুক্রবার সকাল ৬টা ৫০ মিনিটে আবুধাবি থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস-৩৫০-এর তিন যাত্রীর লাগেজ তল্লাশি করে এসব পণ্য উদ্ধার করা হয়। 

পণ্য বহনের সঙ্গে জড়িত যাত্রীরা হলেন চট্টগ্রামের বোয়ালখালীর আবুল কালাম, বাঁশখালীর হাসান মিয়া এবং রাউজানের মোহাম্মদ হাসান।

কাস্টমস সূত্র জানায়, জব্দ করা ৬৪৭ কার্টন সিগারেট থেকে প্রায় ১২ লাখ ৯৪ হাজার টাকার রাজস্ব আদায়যোগ্য। উদ্ধার হওয়া পণ্য বিভাগীয় স্মারক (ডিএম) মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।

তবে জড়িত তিন যাত্রীকে বিমানবন্দরের কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ বিষয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, “আমদানি নিষিদ্ধ পণ্য ও রাজস্ব ফাঁকির উদ্দেশ্যে আনা চোরাচালান প্রতিরোধে বিমানবন্দরে কাস্টমস, কাস্টমস ইন্টেলিজেন্স এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার সমন্বিত নজরদারি জোরদার করা হয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রম ঠেকাতে আমাদের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে।”

বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত মে মাসে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ হাজার ৮৩৪ কার্টন অবৈধ সিগারেট এবং ২ হাজার ৭৫১ পিস আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করা হয়েছে। ক্রমবর্ধমান এ প্রবণতাকে উদ্বেগজনক বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ রোধ এবং সরকারি রাজস্ব ফাঁকি প্রতিরোধে বিমানবন্দরে গোয়েন্দা নজরদারি ও তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হবে।