বিএনপি সরকারের বাজেটে শ্রমিক-কৃষকদের বিশেষ জায়গা হয়নি : সাইফুল হক

Saiful Haque
অনলাইন ডেস্ক ১৪ জুন ২০২৬ ০৭:২২ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ১৪ জুন ২০২৬ ০৭:২২ অপরাহ্ন
বিএনপি সরকারের বাজেটে শ্রমিক-কৃষকদের বিশেষ জায়গা হয়নি : সাইফুল হক
--সংগৃহীত ছবি

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বিএনপি সরকারের কথিত অন্তর্ভুক্তিমূলক বাজেটে দেশের প্রধান উৎপাদক শ্রেণী শ্রমিক-কৃষকদের বিশেষ কোনো জায়গা হয়নি। সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন স্কেল হলেও শ্রমিকদের জন্য জাতীয় ন্যূনতম মজুরি বোর্ড গঠনের খবর নেই।

রবিবার (১৪ জুন) কেন্দ্রীয় শহীদ মিনারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে এসব কথা বলেন তিনি।

কৃষিপণ্যের ন্যায্যমূল্য পাওয়া নিশ্চিত হয়নি বলে মন্তব্য করে সাইফুল হক বলেন, ঘাটতি বাজেটের চাপ শেষ পর্যন্ত সাধারণ মানুষের ওপরই বর্তাবে। 

তিনি বলেন, মূল্যস্ফীতির লাগাম টেনে না ধরতে পারলে প্রবৃদ্ধির কোনো হিসাবই কাজে আসবে না। 

যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিকে জাতীয় স্বার্থ ও নিরাপত্তা বিরোধী হিসেবে আখ্যায়িত করে এই চুক্তিকে বাংলাদেশের ওপর এক ধরনের আদেশনামা হিসেবে আখ্যায়িত করেন সাইফুল হক। তিনি আরও বলেন, এই চুক্তি বহাল থাকলে বাংলাদেশ অপরাপর কোনো দেশের বাণিজ্যিক সহযোগিতাসহ স্বাধীনভাবে অন্য কোনো দেশের সাথে সম্পর্ক গড়ে তুলতে পারবে না। তিনি সংসদের চলতি অধিবেশনে আলোচনা করে এই অন্যায় চুক্তি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বন্ধুত্বের বার্তাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, তাঁর এই বার্তা আন্তরিক হলে অবিলম্বে ভারতকে বিএসএফ কর্তৃক সীমান্তে পুশ ইন ও হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। ভারত এই পর্যন্ত বাংলাদেশের সৎ প্রতিবেশীর পরিচয় দিতে পারেনি।

তিনি সমতা, ন্যায্যতা ও সমমর্যাদার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে অমীমাংসিত বিষয়সমূহের সমাধানে এগিয়ে আসতে ভারতের প্রতি আহ্বান জানান।

বিএনপি সরকারের চার মাসের কার্যক্রম উল্লেখ করে তিনি বলেন, জনপ্রত্যাশা পূরণে সামাজিক-অর্থনৈতিক ক্ষেত্রে সরকার যেটুকু এগিয়ে আছে, রাজনৈতিক ক্ষেত্রে সরকার সে অগ্রগতি দেখাতে পারছে না।

সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা আকবর খান, পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আবু হাসান টিপু, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মাহমুদ হোসেন প্রমুখ।