রাবিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা আটক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।রোববার (১৪ জুন) বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে তাকে আটক করে একদল শিক্ষার্থী।
আটক ছাত্রলীগ নেতার নাম সোলাইমান,সে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শহিদ হবিবুর রহমান হল শাখার ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন।
প্রক্টর দফতর ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, জুলাই বিপ্লবের সময় মাদার বক্স হলের কিছু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া অস্ত্রের মুখে জিম্মি করে সারারাত নির্যাতনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, আমরা ক্লাস শেষে কয়েকজন প্যারিস রোড দিয়ে যাচ্ছিলাম। সে সময় রাস্তা দিয়ে জুলাই বিপ্লবে আমাদেরকে নির্যাতন করা এক ছাত্রলীগ নেতাকে যেতে দেখি। তখন তাকে ধরে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে তার মোবাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগের প্রমাণ পাই। পরে প্রক্টর দফতরে তাকে হস্তান্তর করি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, আটক ছাত্রলীগ নেতা জুলাই বিপ্লবের সময়ে আমাদের এক শিক্ষার্থীকে মাথায় পিস্তল ঠেকিয়েছিল। আজকে কিছু শিক্ষার্থী তাকে ধরে আমার দফতরে নিয়ে এসেছে। তার কাছ থেকে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কথপোকথনের প্রমাণ মিলেছে। আমরা পুলিশের কাছে সোপর্দ করেছি। বাকি বিষয় প্রশাসন দেখবেন।
এ বিষয়ে নগরীর মতিহার থানায় একাধিকবার যোগাযোগ করেও সাড়া পাওয়া যায়নি।