ময়মনসিংহে ব্যাংক কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক ১৫ জুন ২০২৬ ০৬:৩২ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ১৫ জুন ২০২৬ ০৬:৩২ অপরাহ্ন
ময়মনসিংহে ব্যাংক কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরে শরিফুল ইসলাম (২৪) নামে এক ব্যাংক কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) সকাল ১১টায় পৌর শহরের শিলাসী মাজার বাড়ি এলাকায় কক্ষের ভেতর তার মরদেহ ঝুলতে দেখেন বাসার মালিক।

নিহত শরিফুল ইসলাম গফরগাঁও ন্যাশনাল ব্যাংকের পরিচ্ছন্নতা কর্মী ছিলেন। তিনি ফুলবাড়িয়া সদরের দক্ষিণ আন্দারিয়া গ্রামের আবু রায়হানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শরিফুল পৌর শহরের শিলাসী মাজার বাড়ি এলাকায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মজিবর রহমানের পাঁচতলা ভবনের ছাদের একটি কক্ষে প্রায় দুই বছর ধরে ভাড়া থাকতেন।

সোমবার সকাল ১১টা পর্যন্ত তিনি কর্মস্থলে না যাওয়ায় ন্যাশনাল ব্যাংক থেকে বাসার মালিক মজিবর রহমানের কাছে ফোন করে তার খোঁজ নেওয়া হয়। পরে মজিবর রহমান ছাদে গিয়ে শরিফুলের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা খোলার চেষ্টা করলে ভেতরে শরিফুলকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন। পরে বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষ ও গফরগাঁও থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোববার দিবাগত রাতের কোনো এক সময় শরিফুল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

গফরগাঁও ন্যাশনাল ব্যাংকের সহকারী ব্যবস্থাপক রেদওয়ান হাসান বলেন, শরিফুল কোনো এক মেয়ের সঙ্গে ফোনে কথা বলতেন। ধারণা করছি, মান-অভিমানের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে সঠিক তদন্তের পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

গফরগাঁও থানার এসআই সিদ্দিক বলেন, ছেলেটির বয়স অল্প। প্রেমসংক্রান্ত কোনো বিষয় থাকতেও পারে। বিষয়টি তদন্তাধীন।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।