পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, সিআইডির হাতে গ্রেপ্তার ২

2 arrested by CID
অনলাইন ডেস্ক ১৭ জুন ২০২৬ ০৮:০০ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ১৭ জুন ২০২৬ ০৮:০০ অপরাহ্ন
পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, সিআইডির হাতে গ্রেপ্তার ২
--সংগৃহীত ছবি

ব্যাংক, হাসপাতাল ও পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (১৭ জুন) গোপন সংবাদের ভিত্তিতে সিআইডির ঢাকা মেট্রো-পশ্চিম বিভাগের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার ড. রুহুল আমিন সরকারের নেতৃত্বে একটি অভিযানিক দল রাজধানীর রাজারবাগ হাসপাতালের ভেতর থেকে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন- মো. শাফায়াত হোসেন শেখ (৫৫) ও এনামুল হক আকবর (৬৩)। এর মধ্যে শাফায়াত হোসেন নিজেকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট হিসেবে পরিচয় দিতেন।

বিকেলে সিআইডি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘটনার বর্ণনা দিয়ে অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার ড. রুহুল আমিন সরকার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমি চাকরিপ্রার্থীর মামা সেজে সেখানে যাই। গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করি। পরে একজনের সঙ্গে দেখা হলে তাকে জিজ্ঞাসা করি, টাকা কাকে দিতে হবে। সে জানায়, আমার কাছে না আরেকজনের কাছে দিতে হবে। সে এটিও বলে যে, তারা আরও চার-পাঁচজনকে চাকরি দিয়েছে। আজ টাকা দিয়ে মেডিকেল চেকআপ করলে সন্ধ্যার দিকে নিয়োগপত্র দেওয়া হবে। এরপর আর আমরা তাদের ৫ লাখ টাকা দিতে চাই এবং বিনিময়ে তারা একটি চেক দিতে চায়। এরপর আমরা তাদের গ্রেপ্তার করি।

এ সময় তাদের কাছ থেকে নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা এবং চাকরিপ্রার্থীদের দেওয়া ডাচ্-বাংলা ব্যাংকের ৫ লাখ টাকার একটি স্বাক্ষরিত চেক জব্দ করা হয়।

প্রাথমিক তদন্তে সিআইডি জানতে পেরেছে, গ্রেপ্তারকৃত মো. শাফায়াত হোসেন শেখের বিরুদ্ধে চেক জালিয়াতি, প্রতারণা ও হত্যা মামলা রয়েছে।