যুবদল নেতার বাড়িতে প্রকাশ্যে গুলি, ভিডিও ভাইরাল

Open firing at Jubo Dal leader's house
অনলাইন ডেস্ক ২২ জুন ২০২৬ ০৩:৩১ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ২২ জুন ২০২৬ ০৩:৩১ অপরাহ্ন
যুবদল নেতার বাড়িতে প্রকাশ্যে গুলি, ভিডিও ভাইরাল
--সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরের রামগঞ্জে যুবদল নেতা আব্দুস ছাত্তার মজুমদারের বাড়িতে ঢুকে আগ্নোয়াস্ত্র দিয়ে গুলি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, ঘটনাটি ঘটিয়েছে তার আপন ছোট ভাই সুমন মজুমদার। এ ঘটনায় আতঙ্কে রয়েছে যুবদল নেতার পরিবারসহ স্থানীয়রা। 

তবে সোমবার (২২ জুন) দুপুর পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি।

২ মিনিট ১৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, সুমন মজুমদার নামে এক যুবক হাতে পিস্তল নিয়ে ছাত্তার বাড়ির দিকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছুঁড়ছেন। এ সময় পেছন দিক থেকে এক নারী তাকে বাধা দেওয়ার চেষ্টা করেন। গুলি ছুঁড়তে ছুঁড়তে অভিযুক্ত ব্যক্তি বাড়ির বারান্দায় উঠে জানালার কাঁচ ভাঙচুর করেন এবং উচ্চস্বরে গালাগালও করতে থাকেন।

স্থানীয় সূত্র জানায়, ঘটনাটি রোববার সকাল ১০টার দিকে রামগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের কমরদিয়া এলাকায় ঘটে। অভিযুক্ত সুমন মজুমদার ভুক্তভোগী ছাত্তার মজুমদারের আপন ছোট ভাই।

ছাত্তার রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব এবং জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় ৩ জন বাসিন্দা জানায়, দিনের আলোয় অবৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও গুলি ছোড়ার ঘটনায় পুরো এলাকার মানুষ নিরাপত্তাহীনতায় রয়েছে। ভাইয়ে ভাইয়ে সমস্যা হতেই পারে। এজন্য গুলি ছুড়তে হবে? এটা ভয়ানক ঘটনা। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে পুলিশের হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয়রা।

তবে এ ঘটনায় যুবদল নেতা আব্দুস ছাত্তার মজুমদার ও হামলাকারী সুমন মজুমদার আত্মগোপনে থাকায় তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

এ ব্যাপারে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। ভিডিওসহ সংশ্লিষ্ট সব তথ্য যাচাই করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।