পাহাড়পুরে চীনা পর্যটককে হেনস্তা: সমালোচনার মুখে ‘হিরো নানা’ আটক

Chinese tourist harassed in Paharpur
প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ): ২২ জুন ২০২৬ ০৫:৫৬ অপরাহ্ন সারা বাংলা
প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ): ২২ জুন ২০২৬ ০৫:৫৬ অপরাহ্ন
পাহাড়পুরে চীনা পর্যটককে হেনস্তা: সমালোচনার মুখে ‘হিরো নানা’ আটক
পাহাড়পুরে বিদেশি পর্যটককে বিব্রতকর প্রশ্ন, কনটেন্ট ক্রিয়েটর আটক

ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে ঘুরতে আসা এক চীনা পর্যটককে হেনস্তা করে ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে আব্দুল মাবুত ওরফে ‘হিরো নানা’ নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে আটক করেছে টুরিস্ট পুলিশ। ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার সৃষ্টি হলে তদন্তে নেমে তাকে আটক করা হয়।

সোমবার (২২ জুন) দুপুরে জয়পুরহাট জেলার মাঝিপাড়া এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মাবুতকে আটক করা হয়। তিনি জয়পুরহাট জেলার চন্ডিপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘হিরো নানা’ নামে পরিচিত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনা পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শনে আসেন এক চীনা পর্যটক। এ সময় তার ভাষাগত সীমাবদ্ধতার সুযোগ নিয়ে বিভিন্ন ব্যক্তিগত ও অস্বস্তিকর প্রশ্ন করা হয় এবং পুরো ঘটনাটি ভিডিওতে ধারণ করা হয়। পরে প্রায় ৩০ সেকেন্ডের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।


ভিডিওটি প্রকাশের পর স্থানীয় বাসিন্দা, পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তি এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাদের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা ও ভিউ বাড়ানোর উদ্দেশ্যে বিদেশি পর্যটকের সঙ্গে এমন আচরণ করা হয়েছে, যা দেশের পর্যটন খাত এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে।

স্থানীয় বাসিন্দা তাহির ইবনে মোহাম্মদ নয়ন বলেন, একজন বিদেশি পর্যটকের সঙ্গে এমন আচরণ আমাদের জন্য লজ্জাজনক। পাহাড়পুরে আগত পর্যটকদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা জরুরি। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।

আরেক বাসিন্দা রায়হান বলেন, পাহাড়পুর শুধু নওগাঁর নয়, বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এখানে আগত দেশি-বিদেশি পর্যটকদের জন্য নিরাপদ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব।

তবে অভিযুক্তের ছেলে রাফি দাবি করেন, “আমার বাবা বিষয়টির গুরুত্ব বুঝতে পারেননি। মজার ছলে ভিডিওটি করা হয়েছিল।

ঘটনাটি পাহাড়পুর বৌদ্ধবিহার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাস্টডিয়ান মোহাম্মদ ফজলুল করিমের নজরে এলে তিনি টুরিস্ট পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরে তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়।

মোহাম্মদ ফজলুল করিম বলেন, এ ধরনের ঘটনা পাহাড়পুর বৌদ্ধবিহারের সুনাম ও ভাবমূর্তির জন্য ক্ষতিকর। বিষয়টি জানার পরপরই টুরিস্ট পুলিশের সহযোগিতায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

টুরিস্ট পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আব্দুল মাবুতকে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বদলগাছী থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম বলেন, চীনা পর্যটককে হেনস্তার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।

উল্লেখ্য, পাহাড়পুর বৌদ্ধবিহার দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। প্রতি বছর এখানে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যটক ভ্রমণে আসেন।