শাহজালালের মাজারের দানবাক্সে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা
সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স (ডেকচি) খুলে চার দিনে ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া গেছে। সোমবার (২২ জুন) বিকেলে ৮টি দানবাক্সের টাকা গণনা শেষে এ তথ্য জানান সিলেট-সুনামগঞ্জ ওয়াকফ অফিসার সজল মিয়া।
তিনি জানান, জেলা প্রশাসনের নির্দেশনায় গঠিত কমিটির মাধ্যমে মাজারে থাকা দানবাক্সগুলো গত ১৮ জুন সিলগালা করা হয়। এরপর সোমবার জোহরের নামাজের পর সেগুলো খুলে আনুষ্ঠানিকভাবে গণনা শুরু করা হয়। গণনা কার্যক্রমে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পুরো প্রক্রিয়াটি মাজার প্রাঙ্গণে প্রকাশ্যে সম্পন্ন হয়।
সজল মিয়া জানান, মাজারে থাকা চারটি পুরোনো দানবাক্স ও জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থাপন করা চারটি নতুন দানবাক্স মোট ৮টি দানবাক্স থেকে ডাবল লক অবস্থায় নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া গেছে। এছাড়া ৭ আনা স্বর্ণালংকার এবং কিছু সৌদি রিয়ালও পাওয়া যায়। এসব অর্থ সোনালী ব্যাংকের সিলেট কর্পোরেট শাখায় জমা দেওয়া হবে।
এর আগে দুপুরে দরগাহ মসজিদে জোহরের নামাজ আদায় করেন সদ্য প্রত্যাহারকৃত সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। পরে তিনি জামেয়া ও এতিমখানা অফিসে কয়েক ঘণ্টা অবস্থান করেন এবং তার তত্ত্বাবধানেই দানবাক্স খুলে টাকা উত্তোলন ও প্রকাশ্যে গণনার কার্যক্রম সম্পন্ন হয়।